সূচি এক সপ্তাহ পেছালেও বাংলাদেশের নিউজিল্যান্ড যাত্রার দিনক্ষণে কোনো পরিবর্তন আসেনি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগের নির্ধারিত ২৪ ফেব্রুয়ারিই ঢাকা ছাড়ছে তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
বৃহস্পতিবার এমন তথ্যই জানিয়েছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের দুটি অপশন দিয়েছিল। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসে অপশন ‘বি’ বেছে নিয়েছি। এজন্য ওরা খেলাটা পিছিয়েছে। খুব সম্ভবত আমরা ২৪ ফেব্রুয়ারি যাচ্ছি।’
করোনাভাইরাসের কারণে কড়া নিয়মে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তামিম-মুশফিকদের। তিন দিনের আইসোলেশনের পর ক্রিকেটাররা নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারবেন। এর পর ধাপে ধাপে সফরকারী দল ‘বন্দি জীবন’ থেকে বেরিয়ে আসবে। কোয়ারেন্টিন পর্ব শেষে কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প দিয়েই আসল প্রস্তুতির সুযোগ পাবে সফরকারীরা। তবে বিসিবির ইচ্ছা, নিউজিল্যান্ড ক্রিকেটকে অনুরোধ করে ক্রিকেটারদের অনুশীলনের সময় আরেকটু বাড়িয়ে নেওয়া।
এ প্রসঙ্গে আকরাম খান বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা কোয়ারেন্টিনে থাকবে। করোনাকালে আইসোলেশনে থাকাটা মানসিকভাবে খুব কঠিন। একে তো খেলার চিন্তা, তার মধ্যে আবার এমন মানসিক চাপ। আমরা আলোচনা করে নিউজিল্যান্ডকে বলবো যেন খেলোয়াড়রা আরও কয়েকদিন বেশি অনুশীলন করতে পারে, আরেকটু বাড়তি সুযোগ সুবিধা পায়।’
নতুন সূচিতে ম্যাচ তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে। অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি ২৩, ২৬ ও ২৮ মার্চ হওয়ার কথা থাকলেও সেটি এখন ২৮ মার্চ, ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে যথাক্রমে হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ডে।
২০১৯ সালের মার্চে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর এবারই প্রথম নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক বন্দুকধারীর হামলায় মারা গিয়েছিলেন ৫০ জনের বেশি। এরপর সিরিজ স্থগিত করে দেশে ফেরে তামিম-মুশফিকরা।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সূচি:
২০ মার্চ: প্রথম ওয়ানডে, ডানেডিন
২৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, ক্রাইস্টচার্চ
২৬ মার্চ: তৃতীয় ওয়ানডে, ওয়েলিংটন
২৮ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, হ্যামিল্টন
৩০ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, নেপিয়ার
১ এপ্রিল: তৃতীয় টি-টোয়েন্টি, অকল্যান্ড