বাংলাদেশের ক্রিকেটে অসংখ্য কীর্তির সঙ্গে জড়িয়ে আছে সাকিব আল হাসানের নাম। এবার তার পাশে নাম লেখালেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ক্যারিবীয়দের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে তাইজুল নিয়েছেন ৪ উইকেট। এর মাধ্যমে সাকিবের পর দেশের মাটিতে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তাইজুল। দেশের মাটিতে তার ১০০তম শিকার ছিলেন জসুয়া ডি সিলভা।
সব মিলিয়ে ঘরের মাঠে ২১ টেস্টে ১০০ উইকেট নিয়েছেন তাইজুল। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৬ বার। আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন একবার। সার্বিকভাবে ১২০ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক এখন তাইজুল।
এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন তাইজুল। আফগান ওপেনার ইহসানউল্লাহকে বোল্ড করে টেস্টে শততম উইকেটের দেখা পেয়েছিলেন। তাইজুল ছাড়া টেস্টে ন্যুনতম ১০০ উইকেট ছিল মাত্র দু’জন ক্রিকেটারের- মোহাম্মদ রফিক আর সাকিব আল হাসান।