চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের পর সাকিব আল হাসানের ‘সার্ভিস’ পায়নি বাংলাদেশ। দলের প্রয়োজনে তাকে না পাওয়ার খেসারত দিতে হয়েছে মুমিনুল হকদের। ঢাকায়ও সাকিববিহীন বাংলাদেশ ছিল বড়ই বিবর্ণ। শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নয়, ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাত্রাতেও নেই এই অলরাউন্ডার। তবে কী সাকিবকে ছাড়া আবারও বিপদে পড়তে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা?
মুমিনুল কিন্তু শঙ্কিত। সাকিব না থাকলে কী হয়, সেটা নতুন করে জানার দরকার নেই। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আরও ভালো করে বুঝিয়ে দিয়েছে সাকিবের অভাব। মুমিনুল স্পষ্টই জানালেন, বাঁহাতি অলরাউন্ডার না থাকায় দলের সঠিক সমন্বয় করা কঠিন হয়ে পড়ে।
সিরিজ হারের পর সংবাদমাধ্যমকে মুমিনুল বলেছেন, ‘সাকিব ভাই চলে যাওয়ায় আমাদের দলের সমন্বয় একটু ওলট-পালট হয়ে গিয়েছিল। সাকিব ভাই না থাকলে সঠিক সমন্বয় গড়া একটু কঠিন হয়। আমি আগেই বলেছি, দল হারলে অনেক কিছুরই কমতি মনে হয়। জিম্বাবুয়ের সঙ্গে যখন আমরা জিতেছিলাম, তখন এত কিছু বের হয়নি।’
ভারতে মুমিনুলের অধিনায়কত্বে প্রথম সিরিজ খেলতে গিয়েই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই লজ্জা বরণ করতে হলো। এই হতাশার অনুভূতি মুমিনুল প্রকাশ করলেন এভাবে, ‘বিদেশের মাটিতে ধবলধোলাইয়ের অভিজ্ঞতা ছিল। দেশের মাটিতেও হয়ে গেলো। দল হারলে আপনি অবশ্যই হতাশ হবেন। আমাদের অনেক উন্নতি করার আছে। যেগুলো করতে পারলে হয়তো আমরা দেশে ও দেশের বাইরে ম্যাচ জিততে পারবো।’