কোয়ারেন্টিন পর্বের সময় গ্রুপ হয়ে কয়েক ঘণ্টা অনুশীলন করার সুযোগ মিললেও অস্বস্তি ছিল ক্রিকেটারদের মধ্যে। বৃহস্পতিবার কুইন্সটাউনের জন ডেভিস ওভালে পুরো দল নিয়ে অনুশীলন করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বিধিমুক্ত ক্রিকেটারদের কারো মাঝেই অস্বস্তি ছিল না। সবাই মুক্ত পরিবেশের এই অনুশীলন উপভোগ করছেন। এমন তথ্যই জানালেন, সফরকারী বহরের দলনেতা ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এদিন সকাল সকাল কুইন্সটাউনের সবুজ গালিচাতে অনুশীলনে নেমে পড়েন মুশফিক-তামিমরা। পুরো অনুশীলনে দলের সঙ্গে ছিলেন জালাল ইউনুস। বাংলা ট্রিবিউনের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আজকে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত অনুশীলন হয়েছে। সবাই পুরো ফিট, কোনও সমস্যা নেই। ছেলেদের দেখে বোঝা গেছে প্রত্যেকেই খুব ক্ষুধার্ত খেলার জন্য। সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার এতদিন পর অনুশীলনে ফিরে আমাদের ক্রিকেটারদের মাঝে কোন অস্বস্তিবোধ নেই। সবাই ছন্দেই আছে।’
মুক্ত পরিবেশে পাঁচদিন অনুশীলনের পর নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেটাররা। তবে দুই দল বানাতে স্বাগতিকদের কাছ থেকে ৫/৬ জনের মতো খেলোয়াড় ধার করতে হবে। শুক্রবার অনুশীলনের পর একদিন বিশ্রাম দেওয়া হবে। এরপর আরও তিনদিন অনুশীলনের পরই হবে প্রস্তুতি ম্যাচ। জালাল ইউনুস বলেছেন, ‘আমরা ৫ দিন অনুশীলনের পর একটি অনুশীলন ম্যাচ খেলবো। এরমধ্যে আগামীকাল (শুক্রবার) অনুশীলন করে একদিনের বিরতি দিবো। অনুশীলন ম্যাচের জন্য হয়তো ৫/৬ জন ক্রিকেটারকে ওদের (নিউজিল্যান্ড) থেকে নিতে হবে।’
১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর বৃহস্পতিবার মাঠে নেমে ক্রিকেটারদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করেছেন জালাল ইউনুস, ‘অনুশীলনে ফিরতে পেরে সবাই দারুণ খুশি। দেখেছি সবার মধ্যে আনন্দ বিরাজ করছে। খুব স্বাভাবিকভাবেই এতদিন পর মাঠে ফেরার আনন্দটা খানিকটা বেশিই হবে।’
তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডে ২৩ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। কিন্তু কোন ম্যাচেই নিজেদের পক্ষে ফল আনতে পারেনি। তবে এবার পুরনো ইতিহাস পাল্টাতে চায় সফরকারীরা, ‘নিউজিল্যান্ড আমাদের জন্য কঠিন কন্ডিশন। তারপরও আমরা সবাই আত্মবিশ্বাসী। সবার মধ্যেই ভালো করার প্রত্যয় দেখতে পাচ্ছি।’