চতুর্থ ওয়ানডেতে আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ ইমার্জিং দল। শেরে বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা জয় পেয়েছে ৮ উইকেটে। এর ফলে ৫ ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই ৩-০ তে নিশ্চিত করেছে ইমার্জিং দল।
শুরুতে টস হেরে ব্যাট করে আইরিশরা। বাংলাদেশের বোলিং তোপে তারা শুরু থেকেই হয়ে পড়ে নড়বড়ে। বিশেষ করে সুমন খানের অসাধারণ বোলিংয়ে নড়বড়ে হয়ে পড়ে টপ অর্ডার। তবে শুরুটা করেছিলেন মুকিদুল ইসলাম।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে সংগ্রহটাও সমৃদ্ধ হয়নি। ৪৬.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে তারা করে ১৮২ রান। মার্ক অ্যাডেয়ারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রান। তবে লেজের দিকে রুহান প্রিটোরিয়াস ৩৫ ও হিউম অপরাজিত ২৯ রান না করলে স্কোর আরও কম হতো পারতো আইরিশদের।
সুমন ৩১ রানে ৪ উইকেট নেন। দুটি করে নেন মুকিদুল ইসলাম, রাকিবুল হাসান ও অধিনায়ক সাইফ হাসান।
এত কম লক্ষ্যে খেলতে নেমে শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না। শঙ্কা জাগানো শুরুতে ১০ রানেই তারা হারিয়ে বসেছিল ২ উইকেট! পরে অবশ্য মাহমুদুল হাসান জয়ের অপরাজিত ৮০ ও তৌহিদ হৃদয়ের অপরাজিত ৮৮ রানে ৪১.৩ ওভারেই জয় নিশ্চিত হয় বাংলাদেশ ইমার্জিং দলের।