১২-১২-১২। সংখ্যার বিচারে অনেকের কাছে দিনটি ছিল বিশেষ। আর এই দিনেই শিশিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সাকিব আল হাসান। তিন বছর পর এই দম্পতির ঘর আলো করে আসে বড় মেয়ে আলাইনা। এরপর গত বছরের ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয় কন্যা ইমাম আসে পৃথিবীতে। আর সোমবার ছেলের বাবা হলেন এই অলরাউন্ডার। দুই মেয়ের পর ছেলে, আনন্দের ঝরনা বইছে সাকিব পরিবারে। বিশেষ করে, তার দুই মেয়ে ভাই পেয়ে বেজায় খুশি।
ছেলের পৃথিবীতে আসার সুখবর জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সাকিব। জানিয়েছেন, ছেলে ও মা দুজনই ভালো আছেন। একই সঙ্গে আলায়না ও এরাম ছোট ভাই পেয়ে কতটা খুশি, সেটাও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে।
সাকিব বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে অবস্থান করছেন। সেখানেই ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শিশির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে হওয়ার সুখবর জানিয়ে সাকিব লিখেছেন, ‘আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, ১৫ মার্চ, সোমবার, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। আলায়না ও এরাম তাদের ছোট ভাইয়ের দেখা পেয়ে ভীষণ খুশি। শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে। সবার শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
বাংলাদেশ দল সীমিত ওভারের সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে। সাকিব এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি। চলতি বছরের প্রথম দিন, ১ জানুয়ারি সাকিব তার ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন, তৃতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন তিনি।