২০০৭ সালের আজকের (১৬ মার্চ) দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাঞ্জারুল ইসলাম রানা। একই দিনে আরেকজন ক্রিকেটারকে হারালো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটার ও বিকেএসপির সাবেক শিক্ষার্থী শাহরিয়ার কবির শুভ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) ভোর ৪টার দিকে মারা যান তরুণ এই ক্রিকেটার।
বাংলাদেশের সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে, বাইক দুর্ঘটনায় আহত বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলের খেলোয়াড় রংপুর জুম্মাপাড়া নিবাসী আমাদের এলাকার ছোট ভাই শাহরিয়ার কবির শুভ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ আনুমানিক ভোর ৪টায় ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
শুভর মৃত্যুতে তরুণ ক্রিকেটারদের মাঝে শোক বিরাজ করছে। বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নওরোজ নাবিল আবেগঘন পোস্ট দিয়েছেন, ‘ভাই আমার যেদিন কিছুই ছিল না সেদিনগুলাতে প্রত্যেকটা প্রয়োজনে তোমাকে আমি পাশে পেয়েছি। ভাই আমার কাছে আজকে অনেক গ্লাভস আছে, এত আছে যে আমি নিজেও গুনে শেষ করতে পারবো না। তুমি তো এক জোড়াও নিলা না! সারা জীবন দিয়াই গেলা, নিলা না কিছুই।’
পোস্টের পরের অংশে লিখেছেন, ‘তোমার যখন ব্যাট ভেঙে গিয়েছিল, আমি আমার রেকর্ড গড়া ব্যাটটাই দিয়েছিলাম। তুমি যে আমার কলিজার কোন জায়গায় ছিলা সেটা কী জানতা না তুমি? বুঝতা না? কেন আমারে ছাইরা গেলা ভাই?’