জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোরআন পাঠ ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে। আজ (বুধবার) দুপুরে মিরপুরের বিসিবি একাডেমি মাঠে এই আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর জন্মদিনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমির মঞ্চে কোরআন পাঠের আয়োজন করা হয়। এরপর দোয়া শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
এ সময় আরও ছিলেন বিসিবির পরিচালক মাহবুব আনাম, শফিউল আলম চৌধুরী নাদেল, আকরাম খান, ইসমাইল হায়দার মল্লিক, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও উদযাপিত হয়।