আইপিএলের খোঁজ-খবর রাখলে সূর্যকুমার যাদবের নামটা অজানা থাকার কথা নয়। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ব্যাটে তার আগুন ঝরে। কুড়ি ওভারের প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চে নিয়মিত পারফর্ম করার পরও ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। দিনকয়েক আগেই হয়েছে অভিষেক। তার সেই আক্ষেপ এখন হয়তো মিলিয়ে গেছে মাত্র কয়েকদিনের ব্যবধানে ওয়ানডে দলের দরজারও খুলে যাওয়ায়।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত। তিন ম্যাচের সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন এই ইংলিশদের বিপক্ষেই টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া সূর্যকুমার। শুধু এই ব্যাটসম্যান একা নন, ওয়ানডে দলে রয়েছেন আরও দুই মুখ- প্রথমবার ভারতীয় দলে ডাক পাওয়া পেসার প্রসিদ্ধ কৃষ্ণ ও ১৮টি টি-টোয়েন্টি খেলা ক্রুনাল পান্ডিয়া।
সবশেষ অস্ট্রেলিয়া সফরে দলের বাইরে থাকা রোহিত শর্মা, ঋষভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সিরাজ ফিরেছেন। তবে জায়গা হারিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল, মনিশ পান্ডে, নাভদীপ সাইনি ও সঞ্জু স্যামসন।
গত ১৪ মার্চ ভারতীয় দলে অভিষেক হয়েছে সূর্যকুমারের। যদিও আহমেদাবাদের ওই টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি তার। পরের ম্যাচে আবার বাদ পড়েন। তবে বৃহস্পতিবার চতুর্থ টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হওয়া প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ৩১ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। ওই এক ম্যাচ খেলেই ভারতের ওয়ানডে দলের দরজা খুলে গেল তার।
প্রসিদ্ধের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি। এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন এই পেসার। কলকাতা নাইট রাইডার্সে খেলা মিডিয়াম পেসার সম্প্রতি শেষ হওয়া বিজয় হাজারে ট্রফিতে দারুণ পারফর্ম করেছেন। ৭ ম্যাচে ২৪.৫ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। তারই পুরস্কার হিসেবে পেলেন ওয়ানডে দলে ডাক।
ভারত-ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ এখনও চলছে। দুই দল দুটি করে ম্যাচ জেতায় সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছে ‘ফাইনালে’। কুড়ি ওভারের লড়াই শেষে ২৩ মার্চ পুনেতে হবে প্রথম ওয়ানডে।
ভারতের ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (উইকেটকিপার), লোকেশ রাহুল (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নাটারাজন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দূল ঠাকুর।