এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার স্বার্থের জন্য হুমকি স্বরূপ। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সেখানে থাকা অস্ট্রেলিয়ানদের দেশে ফিরে আসতে বলা হয়েছে। তাই এই মুহূর্তে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনও উপায় দেখছি না।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি হালকাভাবে নেইনি। আমরা টুর্নামেন্ট আয়োজকদের সার্বিক অসুবিধার জন্য ক্ষমা চাইছি। বিশেষ করে আইসিসি ও বিসিবির কাছে। বাংলাদেশে আমরা খুব শিগগিরই খেলতে চাই। তাদের সঙ্গে এ নিয়ে আলোচনাতেও বসবো। আর বিষয়টি আমাদের তরুণ ক্রিকেটারদের জন্যও হতাশাজনক। কারণ টুর্নামেন্টের জন্য মুখিয়ে ছিল।’
আগামী ২৭ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। বিশ্বকাপে গ্রুপ ডি তে আছে অসিরা। যেখানে তাদের গ্রুপ সঙ্গী নেপাল, ভারত ও নিউজিল্যান্ড।
উল্লেখ্য, এর আগে গত অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেই সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও এরপরেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল।
/এফআইআর/