বাংলাদেশে করোনার প্রাদুর্ভার ছড়ানোর আগে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে মাঠে নেমেছিলেন নাসির হোসেন। দীর্ঘ বিরতির পর সোমবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের হয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন পর মাঠে ফিরতে পেরে ভীষণ আনন্দিত নাসির।
এর আগে করোনার মাঝেও গত বছর বিসিবি দুটি টুর্নামেন্ট আয়োজন করেছিল। সেখানে ফিটনেস পরীক্ষায় উতরাতে পারেননি বলে মাঠে ফেরা হয়নি। তার ওপর মাঠের বাইরের নানা বিতর্ক নিয়েও আছেন আলোচনায়। তবে নতুন করে ইয়ো ইয়ো টেস্টে বাজিমাতের পর এখন জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরার অপেক্ষা ফুরোচ্ছে তার। তাই সব বিতর্ক পেছনে ফেলে নাসিরের লক্ষ্য এখন একটাই, ‘এটা আমার কামব্যাক টুর্নামেন্ট। চেষ্টা থাকবে অন্ততপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য। যেহেতু ৬টা ম্যাচ, ৬ ম্যাচে যেন অন্তত ৮০০ বা হাজার রান করতে পারি। এটাই আমার চেষ্টা থাকবে।’
অবশ্য ফিটনেস পরীক্ষায় ভালোভাবে পাস করলেও এখনো পুরোপুরি ফিট নন বলে জানালেন নাসির, ‘এখনো একশো ভাগ ফিট না। মনের মধ্যে ভয় কাজ করছে। চেষ্টা করছি শতভাগ ফিট হওয়ার জন্য। খেলার মাধ্যমেই ভয়টা কাটানো সম্ভব।’
সোরওয়ার্দী শুভ, মুকিদুল ইসলাম, তানভীর হায়দার, নূর আলম সাদ্দাম, নাঈম ইসলাম, আরিফুল হক ও ধীমান ঘোষদের নিয়ে দল গড়েছে রংপুর বিভাগ। এই বিভাগের হয়ে খেলবেন ফিনিশার খ্যাত নাসির। দলটি নিয়ে আশাবাদী এই অলরাউন্ডার, ‘বরাবরই আমরা ভালো দল গড়ে থাকি এবং ভালো খেলি। প্রত্যেকবারই শিরোপার জন্য লড়াই করি। সব মিলিয়ে আমাদের দল ভালো। আশা করি, এবারও ভালো করবো।’