প্রথম টেস্ট জয়ের জন্য ৩৭৫ রানের অসম্ভব লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। শেষ দিন পুরোটা সময়ই লড়াই করলেন ক্যারিবীয় ব্যাটসম্যান এনক্রুমাহ বনার। তার প্রথম টেস্ট সেঞ্চুরিতে জয়ের সমান ড্র তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
অথচ এই বনারই চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের অবিশ্বাস্য জয়ে অবদান রেখেছিলেন। ৮৬ রান করে ফিরলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি বঞ্চিত হন। অ্যান্টিগায় অবশ্য সেই ফলের পুনরাবৃত্তি না হলেও অসাধারণ এক ড্র এনে দিতে ভূমিকা রাখলেন।
আগের দিন ১ উইকেট পতনের পর খেলতে নেমে অপরাজিত ছিলেন ১৫ রানে। পঞ্চম দিন পুরোটা সময় চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ব্যাট করতে খেলেছেন ২৭৪ বল। লঙ্কান স্পিন আর পেসাররা তার প্রতিরোধে কোনও ফাটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৩ রানে।
অবশ্য এই ড্রয়ে তাকে সঙ্গ দিয়েছেন কাইল মেয়ার্স ও ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্র্যাথওয়েট ২৩ রানে ফিরলেও খেলেছেন ১২৪ বল। আবার মেয়ার্স বিদায় নেওয়ার আগে ১১৩ বল খেলে করেন ৫২ রান। জার্মেইন ব্ল্যাকউড মাত্র ৪ রানে ফিরলে শেষ দিকে প্রতিরোধ গড়ার লক্ষ্যে বনারকে সঙ্গ দিয়েছেন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে করতে পারে ৪ উইকেটে ২৩৬ রান। অসাধারণ এক ড্র এনে দেওয়ায় ম্যাচসেরাও হয়েছেন বনার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১৬৯ (থিরিমান্নে ৭০, রোচ ৩/৪৭, হোল্ডার ৫/২৭), ৪৭৬ (নিশাঙ্কা ১০৩, দিকবিলা ৯৬, ওশাডা ৯১; রোচ ৩/৭৪, কর্নওয়াল ৩/ ১৩৭)
ওয়েস্ট ইন্ডিজ: ২৭১ (কর্নওয়াল ৬১, জশুয়া ৪৬; লাকমাল ৫/৪৭), ২৩৬/৪ (বনার ১১৩*, মেয়ার্স ৫২; এম্বুলদেনিয়া ২/৬২, বিশ্ব ফার্নান্ডো ২/৭৩)