নাসুমের অভিষেক উইকেট গোল্ডেন ডাকে ফেরা ‘ফিন’

অভিষেক ম্যাচের প্রথম ওভারেই বল করতে নেমেছিলেন বামহাতি স্পিনার নাসুম আহমেদ। আর তাতেই করলেন বাজিমাত। অভিষেক হওয়া কিউই ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়েছেন প্রথম ওভারের শেষ বলেই! সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ৩৯ রান। ব্যাট করছেন গাপটিল (২৬) ও কনওয়ে (১০)।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজে ভাগ্য বদলের আশায় নেমেছে বাংলাদেশ। হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। খেলতে নেমে নাসুমের ঘূর্ণি বুঝতেই পারেননি ফিন। ব্যাট-প্যাড গলে নাসুমের বল আঘাত হানে স্টাম্পে। গোল্ডেন ডাকে ফেরেন ফিন।

প্রত্যাশিতভাবে তামিম ইকবাল থাকছেন না এই সিরিজে। এছাড়া বড় ধাক্কা হয়ে এসেছে মুশফিকুর রহিমের চোটের খবর। ফলে আজকের ম্যাচে নেই অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটসম্যান। এই অবস্থাতেই অভিষেক হয়েছে দুজনের- নাসুম আহমেদ ও অনূর্ধ্ব-১৯ দলের পেসার শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড দলেও অভিষেক হচ্ছে। একাদশে রয়েছেন ফিন অ্যালেন ও ইউল ইয়ং। ইয়ংয়ের ওয়ানডে সিরিজেও অভিষেক হয়েছে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, হামিশ বেনেট ও লকি ফার্গুসন।