নেপিয়ারের ছোট মাঠে বড় আশা বাংলাদেশের

ওশেনিয়া সাগর ঘেঁষেই নেপিয়ারে বাংলাদেশের ক্রিকেট দলের টিম হোটেল। টানা হারের বৃত্তে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা সাগরের প্রশান্তি উপভোগ করতে পারছেন না! পারবেনই বা কী করে? ব্যাটসম্যান-ফিল্ডারদের হতশ্রী পারফরম্যান্সের পর এসব কি আর ভালো লাগে?

মঙ্গলবার মাহমুদউল্লাহর দলের সামনে আরেকবার সুযোগ এসেছে হারের বৃত্তটা ভাঙার। নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টেলিভিশনে। সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

কেবল প্রথম টি-টোয়েন্টি নয়, কিউইদের সামনে ওয়ানডে সিরিজেও দাঁড়াতে পারেনি সফরকারীরা। সাদামাটা বোলিং, বাজে ফিল্ডিং আর হতাশাজনক ব্যাটিংয়ের ক্লান্তি নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে নিয়মিত। তবে অতীতে অনেকবারই বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর নজির আছে লাল-সবুজ জার্সধারীদের। সেই ধারায় এবারও আশায় বুক বাঁধছে বাংলাদেশ দল। বেশ কিছু পরিবর্তন নিয়ে নেপিয়ারে মরণকামড় দিতে প্রস্তুত রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

২০১৭ সালে নেপিয়ারের এই ম্যাকলিন পার্কের টি-টোয়েন্টি অভিষেক ম্যাচে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। ২ ওভার হাতে রেখে জিতেছিল কিউইরা। ম্যাকলিন পার্কের বাউন্ডারি আকারে কিছুটা ছোট। এ মাঠের সর্বোচ্চ স্কোর ২৪১। বোঝাই যাচ্ছে, জিততে হলে ব্যাটসম্যানদের কতটা দায়িত্ব নিতে হবে।

ওয়ানডের পর টি-টোয়েন্টিতে সামর্থ্যের পুরোটা দিতে পারেনি সফরকারীরা। নেপিয়ারে সামর্থ্যের সবটুকু ঢেলে দিতে চায় বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ আগের ম্যাচ শেষেই জানিয়ে গিয়েছিলেন, তাদের দুর্বলতা ও করণীয় বিষয়গুলো। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক স্পষ্ট করেই বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটসম্যানদের রান করতে হবে। একই ভুল বারবার করলে চলবে না।’

যদিও বাংলাদেশের জন্য কাজটা কঠিন। হোম গ্রাউন্ডে বরাবরই অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড। গত চার মাসে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি সিরিজই জিতেছে কিউইরা। তারপরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন মাহমুদউল্লাহদের।

গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাওয়া যাচ্ছে না। কাঁধের চোটের কারণে প্রথম ম্যাচেও ছিলেন না তিনি। ধারণা করা হচ্ছে, গোটা সিরিজটাই মিস করতে পারেন তিনি। এছাড়া সৌম্য সরকারকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে নাজমুল হোসেন শান্তকে।