নিউজিল্যান্ডে ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তবে ব্যক্তিগত অর্জনে ঠিকই উন্নতি হয়েছে সফরকারী খেলোয়াড়দের। বিশেষ করে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। ৫ ধাপ এগিয়েছেন সৌম্য সরকারও।
আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে নাঈমের অবস্থান এখন-২৮। হেরে যাওয়া দুই টি-টোয়েন্টিতে ২৭ ও ৩৮ রানের ইনিংসই তার উন্নতিতে ভূমিকা রেখেছে। যদিও সর্বশেষ ইনিংসের শেষটা মোটেও টি-টোয়েন্টি সুলভ ছিল না।
অপরদিকে নেপিয়ারে ঝড় তোলা সৌম্য সরকারের ব্যাটেই জয়ের সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ বলে ৫১ রানের ঝড় খেলে ফিরলেও পরে দল আর পেরে উঠেনি। এর পরেও অবশ্য সৌম্যর ব্যক্তিগত উন্নতি হয়েছে র্যাংকিংয়ে। ব্যাটসম্যানদের তালিকায় ৫ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৪১-এ।
অপর দিকে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ক্যারিয়ার সেরা স্থান অর্জন করেছেন ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে। প্রথম টি-টোয়েন্টিত ৫২ বলে ৯২ রানের হার না মানা ইনিংস খেলা এই ব্যাটসম্যানের অবস্থান এখন চার। ৫ ধাপ এগিয়ে মাত্র ১৩ ম্যাচ খেলেই শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন কিউই ক্রিকেটার।
একইভাবে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জেতাতে অবদান রাখা গ্লেন ফিলিপসও ক্যারিয়ার সেরা স্থান পেয়েছেন। ২৪ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে স্থান করে নিয়েছেন ২৬তম স্থানে। আগে ছিলেন ৩২তম।
বোলারদের র্যাংকিংয়ে টিম সাউদিও এগিয়েছেন দুই ধাপ। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তার অবস্থান এখন সাতে। প্রথম দুই ম্যাচে নিয়েছেন তিন উইকেট।