লিটনের নেতৃত্বে বাংলাদেশ একাদশে কারা?

সপ্তম অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। প্রথমবার টস করতে নেমেই জিতেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। যেহেতু দীর্ঘ সময় বৃষ্টি হয়েছে, তার কন্ডিশনের সুবিধা নিতে টস জিতে ফিল্ডিং নিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। অকল্যান্ডের শেষ টি-টোয়েন্টিতে চোটের কারণে নেই মাহমুদউল্লাহ, তিনি ছাড়াও আরও দুটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

ঊরুর চোটে ম্যাচের আগে ছিটকে গেছেন মাহমুদউল্লাহ। নিয়মিত অধিনায়কের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন। তার সঙ্গে শেষ টি-টোয়েন্টির একাদশে আছেন নাজমুল হোসেন শান্ত ও রুবেল হোসেন। তারা আসায় জায়গা হারিয়েছেন মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক/উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টড অ্যাস্টল, লকি ফার্গুসন।

১০ ওভারের ম্যাচ, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইডেন পার্কে বৃষ্টি থেকেছে। তবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের দৈর্ঘ্য কমে গেছে। টি-টোয়েন্টি ম্যাচটি রূপ নিয়েছে ‘টি-টেন’ ক্রিকেটে। বৃষ্টির কারণে ওভার কমে শেষ টি-টোয়েন্টি হবে ১০ ওভারের। মাহমুদউল্লাহ না থাকায় টস করে নামা অধিনায়ক লিটন দাস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে একই পরিণতির সামনে লাল-সবুজ জার্সিধারীরা। অন্তত শেষ ম্যাচটি জিতে ব্যর্থতার ক্ষতে কিছুটা প্রলেপ লাগানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। আজ (বৃহস্পতিবার) ইডেন পার্কে সেই সুযোগটুকুও কেড়ে নিতে বসেছিল বৃষ্টি। তবে শেষ পর্যন্ত বৃষ্টি থামায় মাঠে গড়াচ্ছে ম্যাচটি। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ১২টায়।

বাঁ ঊরুতে টান পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলছেন না মাহমুদউল্লাহ। তার অবর্তমানে এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার।  সপ্তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে বাংলাদেশেকে নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন। তার আগে এই ফরম্যাটে বাংলাদেশকে পথ দেখিয়েছেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ।