বিমানবন্দর থেকেই ভারতে গেলেন মোস্তাফিজ

নিউজিল্যান্ড থেকে শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার সকালে মাহমুদউল্লাহ-মুশফিকরা বিমানবন্দর থেকে বাসায় ফিরলেও মোস্তাফিজ থেকে যান বিমানবন্দরেই। উদ্দেশ্য আইপিএলে অংশগ্রহণ। বিমানবন্দর থেকেই ৩টা ৪০ মিনিটের ফ্লাইটে ভারতে গেছেন মোস্তাফিজ। আসন্ন আইপিএল রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন এই কাটার মাস্টার।

আগে শোনা গিয়েছিল, নিউজিল্যান্ড থেকেই ভারত যাবেন তিনি। তবে করোনাকালে বিধি নিষেধের কারণে সেটা সম্ভব হয়নি। দেশে ফিরে কয়েক ঘণ্টা বিমান বন্দরে বিশ্রাম নিয়েছেন। এরপর বেলা ৩টা ৪০ মিনিটে ভারতের উদ্দেশে রওয়ানা হন।

এর আগে নিউজিল্যান্ড থেকে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়েই দেশের মাটিতে পা রাখেন তিনি। আর বিমানবন্দর থেকে বের হলে তাকে আবারও কোভিড পরীক্ষা করানো লাগতো। সেজন্য বিমানবন্দরে থেকে কলকাতার উদ্দেশে দেশ ছেড়েছেন কোনও ঝামেলা ছাড়াই।।

মোস্তাফিজ কলকাতা হয়ে তার পর যাবেন মুম্বাইয়ে। নিয়ম অনুযায়ী সাত দিন কোয়ারেন্টিনে করতে হবে। ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, পাঞ্জাব কিংসের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই এবারের আইপিএল মিশন শুরু হতে পারে বাংলাদেশ পেসারের।

এবারের আইপিএলে ১ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলে নিজের প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বশেষ আইপিএলে খেলেন ২০১৮ সালে।