তাসকিনের পর উইকেট শিকারে এবাদত

ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন কোনও উইকেটই তুলে নিতে পারেনি বাংলাদেশ। বরং তাদের হতাশ করে জুটিবদ্ধ হয়ে খেলেছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও করুনারত্নে। পঞ্চম দিনের সকালে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন  সফরকারী পেসাররা।

লঙ্কানদের প্রথম ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ৫৫৪ রান। এরই মধ্যে তারা লিড নিয়ে ফেলেছে ১৩ রানের। ক্রিজে আছেন নিরোশান দিকবিলা (৭) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (০)।

সকালে ১৫৩.৪ ওভারেই সাফল্যের মুখ দেখেন তাসকিন। ভাঙেন সবচেয়ে আলোচিত ৩৪৫ রানের জুটি। তাসকিনের ব্যাক অব লেন্থের বল বেশি দেরি করে খেলতে গিয়েছিলেন ডি সিলভা। ফলাফল ইনসাইড এজ হয়ে বল আঘাত হেনেছে স্টাম্পে। ধনাঞ্জয়া ফিরেছেন ১৬৬ রানে। খেলেছেন ২৯১ বল। তাতে ছিল ২২টি চার।

এক ওভার বিরতি দিয়ে ডাবল সেঞ্চুরিয়ান করুনারত্নেকেও ফেরান তাসকিন। তার শর্ট বল পুল করতে গিয়ে নাজমুল শান্তর হাতে তালুবন্দি হন করুনারত্নে। এর ফলে ৪৩৭ বলে ২৪৪ রানে ফিরেছেন লঙ্কান অধিনায়ক। তাতে ছিল ২৬টি চার।   

এর পর লঙ্কানদের আরও জুটি গড়ার আশায় জল ঢেলেছেন পেসার এবাদত হোসেন। নতুন নামা পাথুম নিসাঙ্কাকে গ্লাভসবন্দি করেছেন। এবাদতের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়েছিলেন লঙ্কান এই ব্যাটসম্যান। কিন্তু বাইরের বল খেলতে গিয়ে এজ হয়ে জমা পড়েছেন লিটন দাসের গ্লাভসে। নিসাঙ্কা ফিরেছেন ১২ রানে।

বাংলাদেশ ৭ উইকেটে ৫৪১ রানে ঘোষণা করেছে প্রথম ইনিংস। আর শ্রীলঙ্কা চতুর্থ দিন শেষে জমা করে ৩ উইকেটে ৫১২ রান। টেস্টের যা অবস্থা, অলৌকিক কিছু না ঘটলে ড্র হচ্ছে ক্যান্ডি টেস্ট।