রিভিউতে বাঁচলেন তামিম!

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শুরুতেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। ২৭ রানে হারায় দুই উইকেট। পরিস্থিতি আরও করুণ হয়ে যেতো তামিম ইকবাল আউট হলে। কিন্তু থার্ড আম্পায়ারের রিভিউয়ে শেষ পর্যন্ত বেঁচে গেছেন বামহাতি ওপেনার।

ঘটনাটি ঘটেছিল ১১.৪ ওভারে। ধনাঞ্জয়ার বলে ড্রাইভ করেছিলেন তামিম। কিন্তু শুরুর দিকে মনে হচ্ছিল বল সিলি পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারের বুটে লেগেই উঠে যায় বাতাসে। সেটি পরে লুফে নেন দিকবিলা। অনফিল্ড আম্পায়ার সফট সিগন্যালে আউট দিলেও থার্ড আম্পায়ার দীর্ঘ রিভিউর পর দেন নট আউট। তিনি ঘোষণা দেন বুটে লাগার আগে বল মাটি স্পর্শ করেছিল।

প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৬৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। তারা লিড পায় ১০৭ রানের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ এখন ২ উইকেটে ৭২ রান। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে ফিফটি তুলে নিয়েছেন তামিম। ব্যাট করছেন ৬৩ রানে, সঙ্গী মুমিনুল ব্যাট করছেন ৮ রানে। তারা এখনও ৩৫ রানে পিছিয়ে।