শুরুর ধাক্কার পর তামিমের ব্যাটে জবাব

ক্যান্ডিতে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৭ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। শুরুর ধাক্কার পর সফরকারীদের হয়ে জবাব দিচ্ছেন তামিম ইকবাল ও মুমিনুল হক। শেষ দিনের খেলায় চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ১০০ রান। তারা এখনও পিছিয়ে ৭ রানে।

এর আগে প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৬৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। তারা লিড পায় ১০৭ রানের।

জবাবে খেলতে নেমে এই ইনিংসেও ব্যর্থ ছিলেন ওপেনার সাইফ হাসান। সুরাঙ্গা লাকমালের অফ স্টাম্পের বাইরের বল ঠিকমতো খেলতে পারেননি। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে। সাইফ ফিরেছেন মাত্র ১ রানে!

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত নামলেও প্রত্যাশা পূরণ করতে পারলেন না এবার। লাকমালের বল ব্যাটে আনতে পারেননি। ব্যাটের কানায় লেগে তা আঘাত হানে স্টাম্পে। ফিরেছেন রানের খাতা খোলার আগেই! তবে অপরপ্রান্ত আগলে স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন তামিম।

পরিস্থিতি আরও করুণ হয়ে যেতো তামিম ইকবাল আউট হলে। কিন্তু থার্ড আম্পায়ারের রিভিউয়ে শেষ পর্যন্ত বেঁচে গেছেন বামহাতি ওপেনার। ১১.৪ ওভারে ধনাঞ্জয়ার বলে ড্রাইভ করেছিলেন তামিম। কিন্তু শুরুর দিকে মনে হচ্ছিল বল সিলি পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারের বুটে লেগেই উঠে যায় বাতাসে। সেটি পরে লুফে নেন দিকবিলা। অনফিল্ড আম্পায়ার সফট সিগন্যালে আউট দিলেও থার্ড আম্পায়ার দীর্ঘ রিভিউর পর দেন নট আউট। তিনি ঘোষণা দেন বুটে লাগার আগে বল মাটি স্পর্শ করেছিল।

এর পর আগ্রাসী ভঙ্গিতে খেলে তুলে নেন ফিফটি। পাশাপাশি মুমিনুলের সঙ্গে গড়েছেন ৭৩ রানের জুটি। তামিম ব্যাট করছেন ৭৪ রানে, ধীর গতিতে খেলতে থাকা মুমিনুল ক্রিজে আছেন ২৩ রানে।