দ্বিতীয় টেস্টের দুই দিন শেষ হলেও এখনও ব্যাটিংয়ের সুযোগ পায়নি বাংলাদেশ। শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৪৬৯ রান। অথচ শ্রীলঙ্কার পরিকল্পনাটা এমন ছিল না। তাদের ভাবনাতে ছিল শেষ সেশনের বাংলাদেশের ব্যাটসম্যানদের ১৫-২০ ওভার ব্যাটিং করানো। কিন্তু মেঘ-বৃষ্টির হানায় সেটি সম্ভব হয়নি। ম্যাচ শেষে এমনটাই জানালেন, লঙ্কান ব্যাটসম্যান ওশাদা ফার্নান্দো।
শুক্রবার তৃতীয় সেশনের চা বিরতির পর মোট দুই দফা খেলা বন্ধ হয়েছে। বৃষ্টির কারণে একবার ২০ মিনিট খেলা বন্ধ ছিল। আরেকবার আলোর স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায় খেলা। যে কারণে সবমিলিয়ে ২৪.১ ওভার কম খেলা হয়েছে আজ।
দ্বিতীয় দিনের খেলা শেষে ওশাদা ফার্নান্দো নিজেদের পরিকল্পনা নিয়ে বলেছেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী আজ (শুক্রবার) শেষ সেশনে বাংলাদেশ দলকে ১৫-২০ ওভার ব্যাট করানো ইচ্ছে ছিল। কিন্তু আবহাওয়ার কারণে আমরা সেটি করতে পারিনি।
শুধু যে আবহাওয়ার কারণেই শ্রীলঙ্কা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি এমন নয়। বাংলাদেশের বোলারদের সামনে হাতখুলে খেলতে পারেনি লঙ্কানরা। যে কারণে তারা কাঙ্ক্ষিত স্কোর পায়নি। ওশাদা সেটিও জানালেন, ‘তারা (বোলাররা) সকালে ভাল বোলিং করেছিল, তাই আমরা দ্রুত স্কোর করতে পারিনি। প্রত্যেকেই লাইন এবং লেন্থ মেনে দারুণ বোলিং করেছে। হয়তো মেঘের কারণে উইকেট থেকে বাড়তি সহায়তা পেয়েছিল।’
ক্যান্ডির উইকেট নিয়ে লঙ্কান এই ব্যাটসম্যান বলেছেন, ‘ পিচ গতকালের (বৃহস্পতিবার) চেয়ে আজ একটু ধীর ছিল। বল ধীরে উইকেটে আসছে। আমি মনে করি আগামীকাল কিংবা পড়শু উইকেট আরও পরিবর্তন হবে। এখন অনেক ফাটল নেই, হয়তো সেটি হয়ে গেলে বোলারদের সুবিধা থাকবে।’