রাজস্থান রয়ল্যালের হয়ে আইপিএলে দুর্দান্ত সময় পার করেছেন মোস্তাফিজুর রহমান। তার অফ কার্টার, ব্যাক অব দ্য হ্যান্ড স্লোয়ার, ইয়র্কার, স্লোয়ার ইয়র্কার, ওয়াইড ইয়ার্কারে একেবারে নাস্তানাবুদ হয়েছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে এমন মোস্তাফিজকেই চাইছেন অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘মোস্তাফিজ সব সময়ই আমাদের জন্য বিরাট অস্ত্র। যে ধরনের বোলিং সে আইপিএলে করেছে, এক কথায় দারুণ। আমরা সবাই চাই সে এভাবেই আসন্ন সিরিজে বল করুক।’
তবে আইপিএলের মতো ভালো করার জন্য উইকেট থেকে বাড়তি সাহয্যের প্রয়োজন। সেটি পেলে মোস্তাফিজ এখানেও ভালো করবে বলে মনে করেন তামিম, ‘আইপিএলে সে উইকেট থেকে সাহায্য পেয়েছিল, কোনও সন্দেহ নেই সে বোলিংটাও ভালো করেছে। ও ভালো বোলিং করলে বাংলাদেশ দলই সবচেয়ে বেশি লাভবান হবে।’
সাধারণত কয়েক ম্যাচ খারাপ খেললেই সমালোচনার শিকার হয়ে থাকেন ক্রিকেটাররা। যেমনটি হয়েছে কাটার মাস্টারের বেলায়। বলা হচ্ছিল গত কয়েক বছর ধরে শুরুর মোস্তাফিজকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধারণ দর্শকের এমন মূল্যায়নকে অতি মাত্রার বলে মত তামিমের, ‘আপনাদের সঙ্গে আমাদের খেলা দেখার কিছু পার্থক্য আছে। আমাদের একজন খেলোয়াড় ৩-৫টা ম্যাচ ভালো না করলে আমরা মনে করি না সে শেষ হয়ে গেছে। আবার ২-৩ টা ম্যাচ ভালো করলেও মনে করি না যে সে বিশ্বের সেরা হয়ে গেছে।’