আইপিএলের বাকি ম্যাচ সেপ্টেম্বর-অক্টোবরে?

করোনার হানায় ৪ মে স্থগিত হয়েছে আইপিএল। কিন্তু ক্ষতি পুষিয়ে নিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআেই) খুব করে চাইছে টুর্নামেন্ট মাঠে গড়াতে। সেই চাওয়াতেই তারা পরিকল্পনা করছে আইপিএলের বাকি অংশটা সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতে শেষ করতে। যার সম্ভাব্য সূচিও জানা গেছে, ১৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর!

অবশ্য তেমনটি করতে হলে বিসিসিআইকে প্রভাব বিস্তার করতে হবে বাকি বোর্ডগুলোর ক্রিকেট ক্যালান্ডারকেও। যেমন এই ২৮ আগস্টেই শুরু হওয়ার কথা সিপিএল। ফলে ক্যারিবিয়ান লিগের এই সূচিটিও পেছাতে চাইছে তারা। এর ওপর যে সূচিটি তারা বাছাই করেছে, সেটি হলে আইপিএল শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে! তাও আবার একই ভেন্যুতেই যখন দুটি টুর্নামেন্ট হওয়ার কথা (আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ)।

বিসিসিআই অবশ্য অনানুষ্ঠানিকভাবে কাজ শুরুও করে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তারা বলেছে, বাকি ৩১ ম্যাচ শেষ করতে শুধু ২৫ দিনের একটি উইন্ডো প্রয়োজন।

কিন্তু বিসিসিআইয়ের জন্য বড় চ্যালেঞ্জই হচ্ছে বিদেশি ক্রিকেটারদের আনা। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ওই সময়ে সবগুলো দেশই নিজেদের সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে। তাই বিদেশি ক্রিকেটারদের ভেড়াতে হলে বাকি বোর্ডগুলোকেও তাদের পাশে প্রয়োজন।

এছাড়া গত সপ্তাহে বিসিসিআই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছেও প্রস্তাব দিয়েছে আসন্ন ৫ টেস্টের সূচি বদলাতে। ভারত-ইংল্যান্ডের ওই সিরিজটি খেলা হবে ৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর। এখন ইসিবি রাজি হলে সিরিজটি আগে ভাগে শেষ করা সম্ভব। তাহলে আইপিএলের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। কিন্তু ইংল্যান্ডের নিজস্ব ব্যস্ত সূচি থাকায় সেই সম্ভাবনাও ক্ষীণ! এখন ভারতীয় ক্রিকেট বোর্ড কতটুকু সফল হতে পারে সেটি দেখার অপেক্ষা।