নিষেধাজ্ঞা ৫ বছরের, তবে ১৮ মাস পরই ২২ গজে শাহাদাত

বিতর্কিত নানা ঘটনার জন্ম দিয়ে ক্রিকেট থেকে নির্বাসনে ছিলেন শাহাদাত হোসেন। শাস্তি পেয়েছিলেন ৫ বছরের নিষেধাজ্ঞা। তবে অতদিন বাইরে থাকতে হয়নি, ১৮ মাস পরই ২২ গজে ফিরেছেন এই পেসার। আজ (শনিবার) ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে পারটেক্সে স্পোর্টিং ক্লাবের হয়ে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে মাঠে নামেন তিনি। যদিও ফেরাটা ভালো হয়নি জাতীয় দলের সাবেক পেসারের।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারটেক্সের হয়ে ২ ওভার বোলিং করেছেন শাহাদত। কিন্তু সাফল্য পাননি, ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

মাঠে নানা বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে সবসময় আলোচনায় ছিলেন শাহাদাত। জাতীয় লিগে নিজ দলের সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পিটিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছিলেন ডানহাতি পেসার। যে কারণে নিষিদ্ধ হন ৫ বছর। জরিমানা করা হয়েছিল দেড় লাখ টাকা। এরপর গত মার্চে বিসিবির কাছে মায়ের অসুস্থতার কথা জানিয়ে শাস্তি কমানোর আবেদন করেছিলেন তিনি। বিসিবি তার মায়ের কথা বিবেচনা করে আবেদনে সাড়া দেওয়ার চিন্তা-ভাবনা করছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও মুক্তি মিলেছে তার।

বোর্ডের কাছে আবেদন করেছিলেন শাহাদাত। ওই সময় বাংলা ট্রিবিউনকে তিনি বলেছিলেন, ‘নিষেধাজ্ঞা কমাতে বোর্ডের কাছে আমি আবেদন করেছি। এখন সবকিছু তাদের ওপর নির্ভর করছে। আমার প্রতিযোগিতামূলক খেলায় ফেরাটা জরুরি। কারণ আমাকে ক্যান্সারে আক্রান্ত মায়ের মেডিক্যাল বিল বহন করতে হবে।’

ক্রিকেটাঙ্গনে যে ক’জন ‘ব্যাডবয়’ আছেন, তাদের অন্যতম শাহাদাত। গৃহকর্মী নির্যাতন থেকে শুরু করে রাস্তায় সিএনজি চালককে মারধর- সবকিছুই করেছেন এই পেসার। যতটা না ক্রিকেট খেলে শিরোনাম হয়েছেন, তার চেয়ে বেশি জড়িয়েছেন মাঠের বাইরে বিতর্কিত নানা কর্মকাণ্ডে।

বাংলাদেশের হয়ে ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি খেলেছেন শাহাদত। ২০১৫ সালের পর তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। এর আগে গৃহকর্মী নির্যাতনের ঘটনায়ও নিষিদ্ধ হয়েছিলেন তিনি। রঙিন পোশাকে না হলেও সাদা পোশাকে বাংলাদেশের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক এসেছিল তার হাত ধরেই।