ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই উইলিয়ামসন

গত মার্চে বাংলাদেশ সিরিজের সময় বাঁ কনুইয়ের সমস্যায় ভুগেছিলেন কেন উইলিয়ামসন। যে কারণে সীমিত ওভার সিরিজের ছয় ম্যাচের একটিতেও মাঠে নামা হয়নি কিউই অধিনায়কের। সেই সমস্যা আবার ফিরে এসেছে তার্। ফলে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না তার্। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে দলের সেরা খেলোয়াড় ছিটকে গেলেও নিউজিল্যান্ড আশাবাদী, ভারতের বিপক্ষে লড়াইয়ের আগেই সেরে উঠবেন উইলিয়ামসন।

আগামীকাল (বৃহস্পতিবার) এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। উইলিয়ামসনের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন ওপেনার টম ল্যাথাম। আর উইলিয়ামসনের জায়গায় তিন নম্বরে ব্যাট করবেন উইল ইয়াং। এদিকে এজবাস্টন টেস্ট দিয়ে নিউজিল্যান্ড একাদশে ফেরার জোর সম্ভাবনা রয়েছে বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টের।

গত শুক্রবারই ইংল্যান্ডে পৌঁছেছেন বোল্ট। স্বাভাবিকভাবেই বায়ো বাবল ও কোয়ারেন্টিন ইস্যুতে তাকে দ্বিতীয় টেস্টেও না পাওয়ার কথা ছিল। যদিও কোয়ারেন্টিন নীতি শিথিল হওয়ায় দ্বিতীয় টেস্টে বোল্ট খেলতে পারবেন। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড মোটেও প্রত্যাশা করেননি এজবাস্টনে পাওয়া যাবে বাঁহাতি পেসারকে।

তবে সমস্যাটা তৈরি হয়েছে উইলিয়ামসনকে নিয়ে। ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে তার কনুইয়ের সমস্যা ফিরে আসা শঙ্কার কারণ। যদিও নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট আত্মবিশ্বাসী, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ফিট হয়ে উঠবেন তাদের অধিনায়ক।

স্টিড জানালেন, মূলত বাড়তি সতর্কতার কারণে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই উইলিয়ামসন। কিউই অধিনায়কের বর্তমান অবস্থা তুলে ধরেছেন তিনি এভাবে, ‘একটা টেস্ট মিস করাটা কেনের জন্য মোটেও সহজ সিদ্ধান্ত নয়। তবে আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি। কনুইয়ের যন্ত্রণা কমাতে সে ইনজেকশন নিয়েছে। কয়েকদিনের বিশ্রাম এবং পুনর্বাসন তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করবে।’

কিউই কোচ সঙ্গে যোগ করেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা মাথায় রেখেই মূলত এই সিদ্ধান্ত (উইলিয়ামসনের না খেলা) নেওয়া হয়েছে।’