শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিততে বড় অবদান ছিল জশ বাটলারের। এই উইকেটকিপার ব্যাটসম্যানকেই আর পাচ্ছে না ইংল্যান্ড। কাফ মাসলের চোটে ছিটকে গেছেন সীমিত ওভারের বাকি ম্যাচগুলো থেকে। বাটলার এখন নিজের বাড়ি ফিরে যাবেন। সেখানেই পুনর্বাসন শুরু করবেন।
ইংলিশ সহ অধিনায়ক বাটলার চোট পান বুধবার প্রথম টি-টোয়েন্টিতে। ওই ম্যাচে তার ৬৮ রানের অপরাজিত ইনিংসে জয় পায় ইংলিশরা। ইসিবি জানিয়েছে, এই ম্যাচের পর অস্বস্তিবোধ করছিলেন তিনি। বৃহস্পতিবার এমআরআই করানোর পর দেখা গেছে তিনি চোটগ্রস্ত। ফলে দ্বিতীয় ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়। ওই ম্যাচটিও ইংল্যান্ড জেতে ৫ উইকেটে।
অবশ্য ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট আগেই বলেছে, শ্রীলঙ্কা সিরিজটি তারা পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহার করবে। বাটলার না থাকায় ওপেনিংয়ে নামবেন জনি বেয়ারস্টো। তবে ওয়ানডে সিরিজে নতুন করে দলে যুক্ত হয়েছেন টি-টোয়েন্টিন এক নম্বর ব্যাটসম্যান দাভিদ মালান।
ইংল্যান্ড এক ম্যাচ হাতে রেখে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে। শনিবার সাউদাম্পটনে হবে তৃতীয় ম্যাচ। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯ জুন।