লঙ্কা প্রিমিয়ার লিগে পুরোভাগে পাওয়া যাবে না সাকিবদের

লঙ্কা প্রিমিয়ার লিগ ড্রাফটে নাম লিখিয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু শুরুর দিকে কাউকেই পাওয়া যাবে না এই টুর্নামেন্টে। এমন তথ্য জানিয়েছে ক্রিকবাজ। 

লঙ্কা প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর শুরু হবে ৩০ জুলাই। চলবে ২২ আগস্ট পর্যন্ত। আর এই সময়ে অস্ট্রেলিয়াকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দেবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ২ আগস্ট। এর পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘যারা নাম লিখিয়েছে ওরা কেউই শুরুতে থাকতে পারবে না। যেহেতু অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ রয়েছে। তার পরেও সিরিজ রয়েছে। কিন্তু মাঝে বিরতি থাকায় ওই সময় টুর্নামেন্ট খেলতে যেতে পারে।’

বাংলাদেশ থেকে ডাক পাওয়া ৭ ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস ও সৌম্য সরকার।

গত বছরও বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের এই প্রতিযোগিতায় খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের ঘরোয়া লিগ সামনে রেখে বিসিবি সাফ জানিয়ে দেয়, কাউকে ছাড়পত্র দেওয়া হবে না। তাতে করে নিলামেও ছিলেন না বাংলাদেশের কোনও ক্রিকেটার। এবার ড্রাফটের আগে ৭ ক্রিকেটার তালিকাভুক্ত হলেন।