দেশ ছাড়ার আগে মোস্তাফিজ-সাইফউদ্দিনদের অনুশীলন

একদিকে টেস্ট দলের ক্রিকেটাররা জিম্বাবুয়েতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। অন্যদিকে দেশ ছাড়ার অপেক্ষায় রয়েছেন সীমিত ওভারের দলে থাকা ক্রিকেটাররা। তবে দেশত্যাগের আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দু’দিনের অনুশীলন সেশন করবেন তারা। সোমবার ও মঙ্গলবার দুইদিন অনুশীলন করে আগামী ৭ জুলাই ভোরে জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দিচ্ছেন মোস্তাফিজ-সাইফাউদ্দিনরা।

অবশ্য জিম্বাবুয়ে যাওয়ার আগের দিন মঙ্গলবার তাদের করোনা পরীক্ষা করাতে হবে। এর পর করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই পরদিন তারা দেশ ছাড়বেন।

আগেই ঘোষণা হয়েছে, জিম্বাবুয়েতে বাংলাদেশ দলকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না। তবে অনুশীলনের অনুমতি পেতে ক্রিকেটারদের করোনা নেগেটিভ হতে হবে। তাই বিমানবন্দরে নেমে আবারও করোনা পরীক্ষার মুখোমুখি হতে হবে সীমিত ওভারে ডাক পাওয়া ক্রিকেটারদের।

৫০ ওভারের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন- নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, সাইফউদ্দিন, মোস্তাফিজ, মোসাদ্দেক ও রুবেল। অন্যদিকে টি-টোয়েন্টি দলে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন ও আমিনুল ইসলাম।

৮ বছর পর জিম্বাবুয়ে সফরে যাওয়া বাংলাদেশ দলের মাঠের লড়াই শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। আট বছর আগে ২০১৩ সালের সর্বশেষ সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজে হেরেছিল বাংলাদেশ। এবারও তিন ফরম্যাটে খেলতে পূর্ণশক্তির দল যাচ্ছে জিম্বাবুয়েতে।

আগামী ৭ জুলাই একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু দু’দলের লড়াই। তার আগে দুই দিন অনুশীলন করার সুযোগ থাকছে সাকিব-তামিমদের। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টেস্টর মতো সীমিত ওভারের সব ম্যাচও হবে হারারেতে।