টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হোয়াটওয়াশের মুখে পড়তে যাচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টির আশীর্বাদে তৃতীয় ম্যাচটিতে আর হারের মুখে পড়তে হয়নি সফরকারীদের। ১৬৬ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ডকে ব্যাটিং করার সুযোগ দেয়নি বৃষ্টি। ব্রিস্টলে স্বাগতিকদের পুরো ইনিংসটিই বৃষ্টিতে ভেসে গেছে।
রবিবার ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয়বারের মতো দুইশ রানের নিচে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। টম কুরানের বিধ্বংসী বোলিংয়ের সামনে ৪১.১ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় কুশল পেরেরার দল। টস হেরে ব্যাট করতে নেমে এবার মারমুখী শুরু করতে চেয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ২ ওভারে ১৯ রান তুলেন কুশল পেরেরা আর আভিষ্কা ফার্নান্ডো। কিন্তু ৭ বলে ৯ রান করে ক্রিস ওকসের বল ফিরে যান তিনি। তার বিদায়ের পর নিয়মতি বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান ব্যাটসম্যানরা।
লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে দাসুন শানাকা একাই লড়াই করেছেন। ৬৫ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন শানাকা। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি আসে হাসারাঙ্গার (২০) ব্যাট থেকে।
ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন টম কুরান। ৩৫ রানে ৪টি উইকেট নিয়েছেন এই পেসার। এছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন ক্রিস ওকস ও ডেভিড উইলি।
এর পর ১৬৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামার জন্য অপেক্ষায় ছিল ইংল্যান্ড। কিন্তু বৃষ্টি না কমায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলই করতে হয়েছে। এর পরেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। আইসিসি ওয়ানডে সুপার লিগের এই ম্যাচ থেকে শ্রীলঙ্কা পেয়েছে ৫ পয়েন্ট।