হাঁটুর চোটে ঢাকা লিগের সুপার লিগের ম্যাচ খেলেননি তামিম। দুইদিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলেও একমাত্র টেস্টে তাকে পাওয়া নিয়ে সংশয় থেকেই গেছে। যদিও তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল। তামিমকে নিয়ে সংশয় থাকলেও মুশফিকের খেলার জোড় সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
হাঁটুর চোটে তামিম ঢাকা লিগের সুপার লিগের ম্যাচ খেলেননি। দীর্ঘদিন ধরেই এ চোট বয়ে বেড়াচ্ছেন বাঁহাতি ওপেনার। অপরদিকে মুশফিক সুপার লিগের দুই ম্যাচ খেলার পর ছিটকে যান হাতের আঙুলে চোট পাওয়াতে। তামিমের মতো মুশফিকও জিম্বাবুয়েতে প্রথম দিন নকিং করেছেন। পরদিন নেটে সময় কাটিয়েছেন। তবে প্রস্তুতি ম্যাচে মাঠেই নামেননি মুশফিক।
সংবাদ মাধ্যমকে পাঠানো ভিডিও বার্তায় রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘মুশফিক বেশ আত্মবিশ্বাসী যে সে খেলার মতো ফিট হয়ে উঠবে। তার পুনর্বাসন খুব ভালো হয়েছে এবং সবকিছু ঠিক পথে আছে বলেই মনে হচ্ছে। তাই আত্মবিশ্বাস আছে যে সে খেলবে। তামিম এখনও শতভাগ নিশ্চিত নয়। এখনও অনেক সংশয় আছে তাকে নিয়ে। শিগগিরই ওকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে।’
প্রসঙ্গত, ৭ জুলাই মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।