হারারে টেস্টে প্রথম দিনের প্রথম সেশন বাদে বাকি সময়টাতে ব্যাটসম্যানদেরই দাপট দেখা গেছে! দ্বিতীয় দিন শেষে উইকেটের যা অবস্থা, তাতে করে তৃতীয় দিনেও বোলারদের কিছুই করার থাকবে না। তাসকিন অবশ্য জানালেন, এই উইকেটে ধৈর্য ধরে বোলিং করে যাওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। তাতেই উইকেট শিকারের সুযোগ তৈরি হবে।
প্রথম ইনিংসে বাংলাদেশের দেওয়া ৪৬৮ রানের জবাবে জিম্বাবুয়ে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১১৪ রান। পুরো এক সেশন বোলিং করে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে পারেনি বাংলাদশে বোলাররা। এমন পরিস্থিতি নিয়ে তাসকিন বললেন, ‘উইকেটটা খুব ভালো। আসলে ধৈর্য ধরে ভালো জায়গায় বোলিং করতে হবে। এখন পর্যন্ত ব্যাটিং করার জন্য খুব ভালো উইকেট। আগামীকাল (শুক্রবার) ভালো জায়গায় বোলিং করা ছাড়া কোন উপায় নেই। আক্রমণ অবশ্যই করতে হবে, লুজ বল খুব ভালো মারা যাচ্ছে। এই কারণে আমাদের ধৈর্য ধরে ভালো জায়গায় বোলিং করতে হবে।’
ব্যাটসম্যান না হয়েও মাহমুদউল্লাহর সঙ্গে ১৯১ রানের জুটি গড়ে দলের স্কোর সমৃদ্ধ করতে ভূমিকা রেখেছিলেন তাসকিন। নিজে খেলেছেন ক্যারিয়ার সেরা ৭৫ রানের ইনিংস। এবার বল হাতেও ভূমিকা রাখতে চান এই পেসার, ‘আর কিছু রান হলে বিশ্ব রেকর্ড হতো এসব মাথায় ছিল না। তবে রিয়াদ ভাইয়ের ১৫০ রান হওয়ার পর ভালো লাগছিল। আমার খুব ভালো লাগছিল যে আমি তাকে সাপোর্ট করতে পেরেছি। এখন বোলিংয়ে দলগত ভাবে ভালো কিছু করতে পারলে অবশ্যই ফলটা ভালো হবে।’