দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারত। সেই ভারতের সঙ্গেই পেরে উঠছে না স্বাগতিকরা। মঙ্গলবার শ্রীলঙ্কা চেয়ে চেয়ে দেখলো কী করে ভারতীয় বোলাররা ‘ব্যাটসম্যান’ হয়ে উঠে জেতা ম্যাচটি ‘ছিনতাই’ করে নিয়ে গেলো! দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার করা ২৭৫ রানের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। তবে আট নম্বরে নামা দীপক চাহারের অপরাজিত ৬৯ রানে ৩ উইকেটে জয়ের সঙ্গে সিরিজও নিশ্চিত করে ভারত।
প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে। মিডল অর্ডার ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন। ৬৮ বলে ৬ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন লঙ্কান এই ব্যাটসম্যান। এছাড়া ওপেনার অভিষ্কা ফার্নান্ডোর ব্যাট থেকে আসে ৫০ রানের ইনিংস। শেষ দিকে চামিকা করুণারত্নের ৩৩ বলে ৪৪ রান বড় স্কোর গড়তে ভূমিকা রাখে।
ভারতের বোলারদের মধ্যে ভুবেনশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল ৩টি করে উইকেট নিয়েছেন। এছাড়া ২ উইকেট নেন দীপক চাহার।
২৭৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানদের বোলিং তোপে পড়ে ভারত। ১১৬ রানে টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারানো ভারতকে ম্যাচে ফেরায় ক্রুনাল পান্ডিয়া ও সূর্যকুমার যাদব জুটি। ৪৪ বলে ৫৩ রান করে সূর্যকুমার আউট হলে ভাঙে গুরুত্বপূর্ণ এই জুটি। সঙ্গীকে হারিয়ে ৩৫ রান করা ক্রুনাল পান্ডিয়াও ফেরত যান। ওই সময় দলের রান দুইশও ছাড়ায়নি। তখন ক্রিজে নামেন দুই উইকেট নেওয়ার চাহার।
অষ্টম উইকেটে ভুবেনশ্বরকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটি গড়েন এই বিশেষজ্ঞ বোলার। এই জুটিতেই ৫ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত। ভুবেনেশ্বর ২৮ বলে করেন ১৯*। আর অপরাজিত ৬৯ রান করেন চাহার। ব্যাটসম্যান হয়ে ওঠা এই পেসার ৮১ বলে ৭ চার ও ২ ছক্কায় সাজান তার ইনিংসটি। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।