অস্ট্রেলিয়া সিরিজে কেমন উইকেট হচ্ছে?

কেমন উইকেটে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে বাংলাদেশ? দুই দিন আগে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, বিশ্বকাপ সামনে রেখে স্পোর্টিং উইকেট চান তারা। কিন্তু মিরপুরের মাটিতে কি আদৌ স্পোর্টিং উইকেট সম্ভব? সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, মিরপুরের উইকেটের আচরণ বোঝা বড় কঠিন। স্পোর্টিং উইকেটে অস্ট্রেলিয়াকে চেপে ধরাও কঠিন হবে, উল্টো নিজেদের ফাঁদে নিজেদেরই পড়ার সম্ভাবনা বেশি থাকবে। সব মিলিয়ে তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে স্লো উইকেট দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। অতীত অভিজ্ঞতা থেকেই অধিনায়ক জানালেন, ‘মিরপুরের উইকেট অনুমান করা কঠিন। এখন আবার গুমোট আবহাওয়া। এজন্য টস গুরুত্বপূর্ণ হবে। যে-ই উইকেটই হোক, স্পিন নয়তো স্পোর্টিং… আমরা খেলতে প্রস্তুত।’

সব মিলিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আটটি উইকেট। দুই দল সাত দিনে পাঁচ টি-টোয়েন্টি খেলবে  এখানে। ব্যবহৃত উইকেটে খেলা হওয়ার সম্ভাবনাও আছে। যদিও বিষয়টি নিয়ে কিছুই জানেন না মাহমুদউল্লাহ, ‘আমি ঠিক নিশ্চিত নই ব্যবহৃত উইকেটে খেলা হবে কিনা। এগুলো নিয়ে কথা হয়নি। মাত্রই খেলে এলাম। আবার কোয়ারেন্টিনে ছিলাম। গতকাল একদিন অনুশীলন করেছি। সামনে কথা হবে।’

উইকেট যেমনই হোক, মাহমুদউল্লাহর অনুমান, দুই দলকেই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, ‘অস্ট্রেলিয়ার উইকেট ও আমাদের উইকেট আকাশ-পাতাল তফাত। ওখানকার উইকেটে গতি থাকে, বাউন্স থাকে। বল সুন্দর ব্যাটে আসে। বাংলাদেশে আপনি উইকেট মূল্যায়ন করতে পারলে আপনি রান করতে পারবেন। আমার মনে হয়, এই জিনিসগুলো বাংলাদেশের কন্ডিশনে বিবেচনায় আনতে হবে। সেজন্য দুই দলেরই চ্যালেঞ্জিং হতে পারে। আবার ফ্লাট ট্র্যাকও হতে পারে। যদি সেরকম হয় আমরা ভালো স্কোর করবো।’