দলে না থেকেও আছেন মাশরাফি-মুশফিক-তামিম!

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানের দুর্দান্ত জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া এই জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে মাহমুদউল্লাহরা।। ইনজুরির কারণে তামিম ইকবাল ও অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া শর্তে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। অন্যদিকে মাশরাফি মুর্তজা তো সেই কবেই অবসর নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। তবে দলে না থেকেও যেন আছেন এই তিন ক্রিকেটার! সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে যোগ দিয়েছেন দলের সাফল্যে।

সাবেক অধিনায়ক মাশরাফি টুইটারে মাহমুদউল্লাহদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অস্ট্রেলিয়াকে হারানোর ঐতিহাসিক মুহূর্ত। দারুণ জয়। এবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।’

নিজের ব্যক্তিগত টুইটারে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ দুর্দান্ত জয় ছেলেদের। এখন আমাদের নজর দিতে হবে সিরিজ জয়ে।’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম। অভিনন্দনসূচক একটি ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টি সিরিজ ২০২১। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে ১-০তে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ।’

শুধু দেশের ক্রিকেটার নয়, শুভেচ্ছা জাননোর তালিকায় আছেন ভিনদেশি অনেকেই। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার পারভেজ মারুফ যেমন টুইটারে বাংলাদেশের প্রংশসা করে লিখেছেন, ‘দারুণ পারফরম্যান্স। দারুনভাবে পরিকল্পনা বাস্তবায়ন করে ছোট লক্ষ্যও ছুঁতে দেয়েনি বাংলাদেশ। ব্যাটিং বিভাগে অস্ট্রেলিয়াকে কাজ করতে হবে। শুভকামনা বাংলাদেশ।’

ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে, ‘শুরুটা ভালো হয়নি আমাদের ছেলেদের। বাংলাদেশ তাদের কন্ডিশন কাজে লাগাতে পেরেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালো খবরের  অপেক্ষায়।’

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর লেখক অ্যান্ডু ম্যাকগ্ল্যাশন লিখেছেন, ‘দারুণ একটি রাত্র নাসুম আহমেদের।’ এই কথাতেই তিনি বুঝিয়ে দিছেন এই বাঁহাতি স্পিনারের ভেল্কিতে কতটাই না বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া!