মাত্র ১২২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে সাকিব ও মেহেদী মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ৯ রানের ব্যবধানে সাকিব-মেহেদী-মাহমুদউল্লাহকে হারিয়ে হারের শঙ্কাও দেখা দেয়। সেখান থেকে আফিফ-সোহানের অবিচ্ছিন্ন জুটি দলের জয় নিশ্চিত করে। ৩১ বলে ৩৭ রানের ইনিংস খেলেন জয়ের নায়ক আফিফ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ে এমন গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলতে ভূমিকা রেখেছে অধিনায়ক মাহমুদউল্লাহর একটি মেসেজ।
আফিফকে পাঠানো মেসেজ কী ছিলো, সংবাদ সম্মেলনে সেটিই জানিয়েছেন আফিফ, ‘মাঠে নামার সময় রিয়াদ ভাইয়ের (মাহমুদউল্লাহ) থেকে একটিই মেসেজ ছিল যে, যাওয়ার পর যেন দুই-তিন ওভার নরমাল খেলি। আমি ওভাবেই চেষ্টা করেছি। আমার পরিকল্পনা ছিল যেন শেষ পর্যন্ত উইকেটে থেকে ম্যাচটা শেষ করে আসতে পারি।’
মাহমুদউল্লাহর ম্যাসেজের পাশাপাশি উইকেটের আচরণও পর্যবেক্ষণ করেছিলেন আফিফ। শুরুতেই অজি বোলারদের বোলিং দেখেই সিদ্ধান্ত নেন ব্যাটিং কিভাবে করবেন , ‘ব্যাটিংয়ে নামার পর চেষ্টা করেছি উইকেট অ্যাসেস করার। উইকেটের আচরণ কেমন, সেটা খেয়াল রেখে যেন উইকেট না দিয়ে শেষ পর্যন্ত খেলতে পারি। আমার বিশ্বাস ছিল যে প্রয়োজনীয় (রান) রেটই থাকুক না কেন, আমি ভালোভাবে শেষ করতে পারবো।’
নিজের ইনিংস তৈরি করার পেছনে অবশ্য সোহানের কৃতিত্ব দিলেন আফিফ, ‘সোহান ভাই খুবই ভালো ব্যাট করেছে। আমাদের দুজনের পরিকল্পনা ছিল যে উইকেট দেবো না। বল টু বল রান দরকার ছিল তখন। তো উইকেট না দিয়ে রান কীভাবে করা যায়, সেই চেষ্টা করছিলাম। অপর পাশ থেকে ভালো সমর্থন পাওয়ায় আমরা কোনও চাপ অনুভব হয়নি।’