তৃতীয় টি-টোয়েন্টি শুরু সোয়া ৭টায় 

টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি। আজ জিতলেই কুড়ি ওভারের ক্রিকেটে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের নজির গড়বে বাংলাদেশ। তবে এমন সুযোগের দিনটি হয়ে থাকলো বৃষ্টি বিঘ্নিত। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘণ্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে টস। অর্থাৎ তৃতীয় টি-টোয়েন্টির টস শুরু ৭টায়। ম্যাচ শুরু হবে সোয়া ৭টায়। 

অবশ্য আগেই জানা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। হয়েছেও তাই। কয়েক দফা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচটি মাঠে গড়ানো যায়নি। তবে দেরি করে হলেও কাট অফ টাইমের আগে হওয়ায় ম্যাচ পুরো ২০ ওভার-ই অনুষ্ঠিত হচ্ছে।

শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের ড্রেসিংরুমের সামনে নকিং করতে দেখা গেছে। তবে পাঁচটার পর বৃষ্টি বাড়ায় দুই দলই ড্রেসিংরুমে ফিরে যায়। 

প্রসঙ্গত, প্রথম ম্যাচে নাসুম আহমেদের ঘূর্ণিতে ১০৮ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমানের কাটার-স্লোয়ারের সামনে ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে কৌশলে ব্যাপক পরিবর্তন আনতে পারে সফরকারী দল। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। জয়ের দেখা পেতে মরিয়া অস্ট্রেলিয়া বৃহস্পতিবার কঠোর অনুশীলন করে কাটিয়েছে।