খুলনা স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানো হবে : শেখ সোহেল

খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা নয় হাজার থেকে ১৯ হাজারে উন্নীত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শেখ সোহেল।
বুধবার স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ সোহেল বলেন, মাত্র নয় হাজার টিকিটে খুলনার এত দর্শককে সন্তুষ্ট করা অসম্ভব। আগামীতে এই মাঠকে উনিশ হাজার দর্শক ধারণে সক্ষম করে গড়ে তোলা হবে। এই স্টেডিয়ামকে আরও উন্নত করার চেষ্টা করছে বিসিবি।
তিনি বলেন, আগ্রহীরা যাতে নির্বিঘ্নে টিকিট কিনতে পারে এবং মাঠে আসতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে ইউসিবির মাধ্যমে টিকিট বিক্রি শুরু হচ্ছে। প্রতিটি খেলার আগের দিনসহ দুদিন টিকিট বিক্রি করা হবে।

আসন্ন সিরিজ উপলক্ষে বুধবার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ। সভায় ক্রিকেটারদের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, সিরিজ উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনার অংশ হিসেবে মোবাইল নজরদারী বহাল থাকবে।

টিকিট একটি ব্যাংকের একটি শাখায়

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টিকিট পাওয়া যাবে খুলনার খানজাহান আলী রোডের ইউসিবি ব্যাংক শাখায়। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট বিক্রি করা হবে। প্রথম খেলার টিকিট বৃহস্পতিবার সকাল থেকে বিক্রি শুরু হবে।

/এমআর/