যুব বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক শরিফুল ইসলাম। বেশি দিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা তার শুরু হয়েছে। দ্রুত এরই মাঝে নিজেকে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশও বানিয়ে ফেলছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলের জায়গাটা আরও পোক্ত করেছেন এই বাঁহাতি পেসার। নিজেকে আরও ধারালো করতে এখন মোস্তাফিজের কাটারও রপ্ত করার চেষ্টা করছেন।
সংবাদ মাধ্যমকে তরুণ পেসার শরিফুল বলেছেন, ‘মোস্তাফিজ ভাইয়ের কাছে আমি শেখার চেষ্টা করছি, তিনি কীভাবে কাটার করেন। অনুশীলনে এটাই চেষ্টা করছি, ম্যাচে এখনো করা হয়নি। তবে আমি শিখছি। মিরপুরে ডানহাতির জন্য কাটারটা সবসময়ই বিপজ্জনক বল, এমনটা বলেছেন তিনি। কারণ (বল) হালকা থেমে টার্ন করে স্পিনের মতো। তাই কাটারটা তিনি বেশি ব্যবহার করতে বলেছেন (মোস্তাফিজ)।’
ঢাকা প্রিমিয়ার লিগ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট লিগে মোস্তাফিজ ও শরিফুল একই দলে খেলেছেন। একসঙ্গে খেলার কারণে দু’জনের মধ্যেই সখ্যতা গড়ে উঠেছে। খুঁটি-নাটি নানান কিছু মোস্তাফিজের কাছে জানতে চান শরিফুল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি শেষ বঙ্গবন্ধু টি–টোয়ন্টি কাপে মোস্তাফিজ ভাইয়ের সঙ্গে খেলেছিলাম। ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি, এখন আবার জাতীয় দলে খেলছি। তার সঙ্গে বোলিং করার মজাই আলাদা।’
শুধু তাই নয়, মোস্তাফিজ নিজের অভিজ্ঞতার ভাণ্ডার থেকে শরিফুলকে নানান পরামর্শও দিয়ে থাকেন, ‘‘বোলিংয়ের সময় উনি ইতিবাচক কথা বলেন। কোনটা করলে ভালো, কোনটা না করলে ভালো। ব্যাটনম্যানকে তাড়াতাড়ি বুঝতে পারেন। আমি যখন বোলিংয়ে আসি, তার আগেই আমাকে বলে দেন যে, ‘এরকম করলে ভালো হয়, তোর যেটা ভালো মনে সেটাই করে দেখ।’’