সঙ্গীর অভাবে ডাবল সেঞ্চুরি বঞ্চিত রুট

২৪৫ রান পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। শনিবার জো রুটের দারুন এক ইনিংসের উপর ভর করে তৃতীয় দিন শেষে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। নটিংহ্যামে ড্র হওয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের অসাধারণ ইনিংসের পর  রুট লর্ডসেও হাঁকিয়েছেন সেঞ্চুরি। তৃতীয় দিন সঙ্গীর অভাবে ষষ্ঠ ডাবল সেঞ্চুরি (১৮০ অপরাজিত) বঞ্চিত হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

লর্ডসে আগের দিন অবিচ্ছিন্ন থাকা জো রুট ও জনি বেয়ারস্টো মিলে তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিলেন। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটসম্যান ১২১ রানের জুটি গড়েন। ১০৭ রানে ৫৭ রান করে বেয়ারস্টো আউট হলে ছন্দপতন ঘটে ইংলিশ ব্যাটিং লাইনআপের। তারপরও জস বাটলার (২৩) ও মঈন আলীকে (২৭) সঙ্গে নিয়ে একাই লড়াই চালিয়ে যান জো রুট। যদিও লেট অর্ডারে রুটকে সমর্থন দিতে ব্যর্থ হলে দিনের ৬ ওভার আগেই অলআউট হয় স্বাগতিকরা। তার আগে অবশ্য ২৭ রানের লিড নিয়ে ফেলে ইংলিশরা। রুট ৩২১ বলে ১৮ চারে ১৮০ রানে অপরাজিত থাকেন।

৪৮ রান নিয়ে তৃতীয় দিনের সকালটা শুরু করেছিলেন রুট। ২০০ বলে সেঞ্চুরি ছোঁয়া রুট ছুটছিলেন ডাবল সেঞ্চুরির দিকেই। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে ৬ষ্ঠ ডাবল সেঞ্চুরি ছোঁয়া হয়নি ইংলিশ এই ব্যাটসম্যানের। এমন আক্ষেপ আরও আছে ইংলিশ এই ব্যাটসম্যানের। সবমিলিয়ে ৫ বার ১৮০ থেকে ১৯৯ রানের মধ্যে আটকে থেকেছেন তিনি।

ভারতের বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া ইশান্ত শর্মা তিনটি ও মোহাম্মদ শামি নিয়েছেন দুটি উইকেট।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৪ রান তুলেছিল ভারত। রোহিত শর্মা আর লোকেশ রাহুলের শত রানের ওপেনিং জুটিতে বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। রোহিত ৮৩ রানে আউট হলেও রাহুল ১২৯ রানের ইনিংস উপহার দেন। এছাড়া বিরাট কোহলি ৪২ আর রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে ৪০ রান।

৬২ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন পেসার জেমস অ্যান্ডারসন। দুটি করে নিয়েছেন ওলি রবিনসন ও মার্ক উড।