ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে যুবাদের সিরিজ জয়

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে মিরাজ বাহিনী। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ১৭১ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা। এর ফলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে মিরাজ-শান্তরা। মূলত মেহেদী হাসান রানা ও সালেহ আহমেদ শাওনের বোলিং তোপে পড়েই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন ধসে পরে।
বৃহস্পতিবার টস জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।  নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রান করেন পিনাক ঘোষ। যুব দলের এই ওপেনার ১৩৫ বল খেলে ৯ চারে ১০৯ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন।

এছাড়া সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৯ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৫৩ রানে অপরাজিত থাকেন।

ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আলজেরি যোসেফ সর্বোচ্চ ২টি উইকেট নেন। এছাড়া ওবেড ম্যাকাও এবং ক্যামু পাউল প্রত্যেকে একটি করে উইকেট নেন।

৩০০ রানের জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ যুবারা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। জনি ও রানা দুজন মিলে ৪৩ রানেই ক্যারিবিয়ানদের টপ অর্ডার ধসিয়ে দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ক্যামু পাউল (২৫)। এছাড়া গ্রিডন পপে ২৩ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার মেহেদী হাসান রানা ও স্পিনার সালেহ আহমেদ শাওন প্রত্যেকে ৩টি করে উইকেট নেন। রানা ১০ ওভার বল করে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। অন্যদিকে শাওন ১০ ওভারে ১ মেডেনসহ ১৯ রান খরচ করে নেন ৩টি উইকেট। এছাড়া সাইফউদ্দীন ২টি এবং আরিফুল ইসলাম জনি ও সাঈদ সরকার একটি উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ যুবাদের সঙ্গে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেও ১৭১ রানে পরাজিত হয় অতিথি ওয়েস্ট ইন্ডিজ।

/আরআই/এফআইআর/