বাংলাদেশের নারী ক্রিকেটের বিবর্তন, সাফল্যের ওপর প্রথম ইতিহাসভিত্তিক গ্রন্থ মেয়েরাও পারে-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে গত রবিবার। বইটিতে নারী ক্রিকেটারদের ‘ক্রিকেটার’ হয়ে উঠার সংগ্রামের অজানা সব গল্প রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী পরিষদের প্রথম নারী সদস্য মনোয়ার আনিস খান মিনু তার এই গ্রন্থ রচনার প্রেক্ষাপট এবং কারণ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘এই গ্রন্থে নারীদের সংগ্রাম ও ক্রিকেটের সাফল্যগুলো রয়েছে। আশা করি, এই গ্রন্থ নারী ক্রিকেট উন্নয়নে ও নারীদের ক্রিকেটে আগ্রহ বাড়াতে সক্ষম হবে।’
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলানামার প্রকাশনায়, মনোয়ার আনিস খান মিনুর গ্রন্থনা এবং ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরীর সম্পদনায় প্রকাশিত এই গ্রন্থটির মোড়ক উন্মোচন এবং প্রকাশনা অনুষ্ঠান ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রকাশনা উৎসবে গ্রন্থটির ওপর আলোচনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিসিবির সাবেক সাধারণ সম্পাদক, পরিচালক এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সিইও সৈয়দ আশরাফুল হক, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সভানেত্রী রাফিয়া আক্তার ডলি, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাকিল কাশেম ও ইশতিয়াক আহমেদ।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন খেলাধুলার ওপর ইতিহাসভিত্তিক গ্রন্থ রচনায় ক্রীড়া গবেষক এবং সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশনসমূহকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অতিথিরা। বাংলাদেশের নারী ক্রিকেটের শুরু থেকে এ পর্যন্ত প্রতিটি ঘটনার বিবরণ, নেপথ্য ঘটনা, ঘটনার সঙ্গে সংশ্লিস্টদের লেখা, ঘটনাকালের ছবি শোভা পেয়েছে এই বইটিতে। ম্যাট পেপারে চার রঙা এই বইটির মূল্য পাঁচ শত টাকা। বইটি পাওয়া যাবে প্রকাশক বাংলানামার স্টলে (১২০/৫ পূর্ব রাজাবাজার, ঢাকা, ১২১৫)।