এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে নেই, রয়েছে আয়ারল্যান্ড। যার প্রস্তুতি হিসেবে আজ সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ওই দুই দল। প্রথম ম্যাচে রোমাঞ্চ জন্ম দিলেও হতাশ করেছে আইরিশরা। ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানে জিতেছে জিম্বাবুয়ে।
ডাবলিনে ১১৮ রানের লো স্কোরিং এই ম্যাচ জেতার কৃতিত্ব দিতে হবে বামহাতি পেসার রিচার্ড এনগারাভাকে। শেষ ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ৬ রান। এই রান নেওয়ার মতো স্বাগতিকদের ব্যাটসম্যানও মজুদ ছিল। সিমি সিং ১৮ বলে স্ট্রাইকে ছিলেন ২৬ রানে। অপরপ্রান্তে ছিলেন ব্যারি ম্যাকার্থি।
এনগারাভা এমন পরিস্থিতিতে বল করতে এসেও নড়বড়ে ছিলেন না। বরং বুদ্ধিদীপ্ত বোলিংয়ে পরাস্ত করে ছেড়েছেন আইরিশদের। তার প্রথম দুই বলে রানহীন ছিলেন সিমি। পরের বলে একটি রান দিলেও চতুর্থ বলে বোল্ড করেন ম্যাকার্থিকে। পঞ্চম বলে রানআউট ক্রেইগ ইয়াং। শেষ বলে আবার সিমি সিং ব্যাট করতে এসেও আয়ারল্যান্ডের ভাগ্য বদল করতে পারেননি। আবারও এনগারাভার ইয়র্কার লেংথের বলে এক রানই নিতে পারেন তিনি। ফলাফল আয়ারল্যান্ড ৯ উইকেটে থামে ১১৪ রানে! সিমি সিং সর্বোচ্চ ২৮ রানে অপরাজিত ছিলেন।
জিম্বাবুয়ের বোলারদের মাঝে স্পিনার রায়ান বার্ল ২২ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৮ ও ১৭ রানে যথাক্রমে ২টি করে নিয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা ও লুক জঙউই। ১৭ রানে একটি শিকার এনগারাভার।
টস হেরে ব্যাট করা জিম্বাবুয়ের ব্যাটিংটা ছিল ছন্নছাড়া। শুধু উইকেটকিপার রেজিস চাকাভার ৪৭ রানই ছিল সর্বোচ্চ! লড়াইয়েল পুঁজি গড়ে দেওয়ায় ম্যাচসেরাও হন তিনি। আর উল্লেখযোগ্য স্কোর বলতে শেষ দিকে ওয়েলিংটন মাসাকাদজার ১৫ বলে ১৯ রান। তাতে ৭ উইকেটে ১১৭ রান করেছে জিম্বাবুয়ে।