বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টি শুরু বেলা তিনটায়

দীর্ঘ ৯ বছর পর আবারও খুলনার মাটিতে ফিরে এসেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। পুরনো রোমাঞ্চ আর পুরনো আবেগ নিয়ে আবারও জেগে উঠেছে খুলনাবাসী। শুক্রবার ওয়ালটন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।
বেলা তিনটায় ম্যাচটির শুরু হবে শেখ আবু নাসের স্টেডিয়ামে। এর আগে আড়াইটায় টস করতে নামবেন দুই দলের অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে নুরুল হাসান সোহান ও শুভাগত হোম চৌধুরীর। শুভাগত হোমের অভিষেক হলে, বসে যেতে হবে সাব্বির রহমান রুম্মনকে।
জিম্বাবুয়ে সিরিজকে কেন্দ্র করে নগরী সেজেছে ‘নববধূ রূপে’। ক্রিকেটারদের হোটেল সিটি ইনের কাছে শিববাড়ী মোড়ে আলোকসজ্জা করা হয়েছে। নগরীর হোটেল-মোটেল গুলোও পরিপূর্ণ। চায়ের দোকান কিংবা রেস্তোরাঁয় আলোচনায় উঠে আসছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। সব মিলিয়ে খুলনাবাসী অপেক্ষা করছে জমজমাট এক লড়াইয়ের।

গত বছর এপ্রিলে খুলনায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ৮ মাস পর আবারও প্রাণচঞ্চল হয়ে উঠেছে খুলনার স্টেডিয়ামটি। শুধু স্টেডিয়ামই নয়, পুরো খুলনা এখন ক্রিকেটনগরীতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, দুই দল এখন পর্যন্ত ৫ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার ৩টিতে জিতেছে স্বাগতিক বাংলাদেশ। বাকি দুটিতে জয় পেয়েছে জিম্বাবুয়ে।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহান।

/আরআই/এফআইআর/