বিসিবিও চায় স্পোর্টিং উইকেট, তবে...

মিরপুরের উইকেট স্বভাবগতভাবেই কিছুটা টার্নিং হয়ে থাকে। চাইলেও শতভাগ বাউন্সি উইকেট করা সম্ভব হয় না। বৃষ্টির মৌসুমে তো সেটি অসম্ভবই! এই অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন উইকেট হচ্ছে? সেটি নিয়েই এই মুহূর্তে সকল আলোচনা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন, তাদের চাহিদা স্পোর্টিং উইকেটই। তবে বর্তমান পরিস্থিতিতে এমন উইকেট পাওয়াটা বেশ কঠিন বলে মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টার্নিং উইকেটে খেলতে হয়েছে সফরকারীদের। ওমন উইকেটে দুই দলকেই ব্যাটিংয়ে ভুগতে হয়েছে। যার ফলে ব্যাটসম্যানদের প্রস্তুতিতে ঘাটতি থেকেই গেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের উইকেট নিয়ে আকরাম খান বলেছেন, ‘মিরপুরে যে ন্যাচারাল উইকেট সেটাই আমরা পাই। এর চেয়ে বেশি আশা করা কঠিন। অবশ্য আমরাও চাই খেলাটা স্পোর্টিং, টি-টোয়েন্টির মতো উইকেটে হোক।’

কিন্তু বাস্তবতাটা ভিন্ন। যেটি স্বীকার করেন আকরাম খানও। তাই পুরোপুরি স্পোর্টিং উইকেট না পেলেও ব্যাটসম্যানরা যেন কিছুটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারে, তেমন উইকেট প্রত্যাশা করছেন আকরাম, ‘এখন আবহাওয়ার ব্যাপারটাও নির্ভর করছে। ফেব্রুয়ারি-মার্চে যে ধরনের উইকেট পাই, এই সময়ে কিন্তু তা পাই না, কারণ কন্ডিশনটাই ওইরকম। কিন্তু আমরা চেষ্টা করছি, ক্রিকেটাররা যেন স্বাচ্ছন্দ্যে থাকে এবং বাংলাদেশ দলের জন্য উপকারে আসে তেমন কিছু করার।’