বাংলাদেশের লক্ষ্য ১৬৪

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান করেছে সফরকারীরা।
এর আগে খুলনার আবু নাসের স্টেডিয়ামে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনাই করে জিম্বাবুয়ে। বিনা উইকেটে শত রান পূরণ করে তারা। যদিও ১০১ রানে ওপেনার ভুসি সিবান্দা বিদায় নেওয়ার পর চিত্রপট পাল্টাতে থাকে। ৩৯ বলে ৪৬ রানে সাকিবের বলে বিদায় নেন সিবান্দা। কিন্তু নিজের ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন আরেক অভিজ্ঞ ওপেনার মাসাকাদজা। এর মাঝে ১৪ রানের মিনি ইনিংস খেলে ফেরেন ওয়ালার। এরপরেই ৫৩ বলে ৭৯ রানে ফেরেন মাসাকাদজা। যেখানে ছিল ৯টি চার ও ২টি ছয়। এরপরে একে একে চিগুম্বুরা (৩) ও লুক জঙউই (০) কে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন কাটার খ্যাত মুস্তাফিজ। শেষ পর্যন্ত ২ উইকেটই সম্বল হয়ে থাকে তার। এছাড়া ২টি নেন আল আমিন ও একটি নেন সাকিব আল হাসান।
উল্লেখ্য, শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় বারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এই ম্যাচে বাংলাদেশ দলে প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান ও শুভাগত হোম চৌধুরী। টি-টোয়েন্টিতে ৪৯তম ক্রিকেটার হিসেবে নুরুল হাসান ও ৫০তম ক্রিকেটার হিসেবে শুভাগত হোমের অভিষেক হচ্ছে।
এসময় শুভাগত হোমকে ক্যাপ পড়ান মাহমুদউল্লাহ রিয়াদ এবং নুরুল হাসান সোহানকে ক্যাপ পড়ান জাতীয় দলের কম্পিউটার এনালিস্ট নাসির আহমেদ।
বাংলাদেশ দল : বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, সাব্বির রহমান রুম্মন, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহান।
জিম্বাবুয়ে দল : এলটন চিগুম্বুরা (অধিনায়ক), ম্যালকম ওয়ালার, পিটার মুর, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, লুক জঙউই, ভুসি সিবান্দা ও ব্রায়ান ভিটোরি।

/আরআই/এফআইআর/