পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। এখন অপেক্ষা সিরিজ জয়ের। আজ (রবিবার) নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি জিতলেই কুড়ি ওভারের ক্রিকেটে টানা তিনটি সিরিজ জিতবে মাহমুদউল্লাহরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়; সরাসরি দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস ও গাজী টেলিভিশনের পর্দায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে একাধিকবার ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের। নেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের অপেক্ষা। কাজটি কঠিন তবে অসম্ভব নয়। তৃতীয় ম্যাচে জিতলেই বাংলাদেশের নামের পাশে আরেকটি সাফল্য যুক্ত হবে।
টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি তাইজুল ইসলামের। তবে ডাগআউট থেকে দলকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। বাঁহাতি স্পিনারের আজই সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার আশা, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি ভালোভাবে জিতেছি। তবে দ্বিতীয় ম্যাচটি অনেক কঠিন ছিল। আমরা যদি প্রসেস ঠিক রাখতে পারি, তাহলে তৃতীয় ম্যাচটিও জিতবো।’
কিউইদের বিপক্ষে নিজেদের মাঠে মাত্র একটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ২০১৩ সালে ঢাকায় ওই ম্যাচে ১৫ রানে হেরেছিল বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর নিউজিল্যান্ডের বিপক্ষে এবার পাঁচটি কুড়ি ওভারের ম্যাচ খেলার সুযোগ পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। যে সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছে স্বাগতিকরা। নিজেদের কন্ডিশনের পূর্ণ ফায়দা তুলছে মাহমুদউল্লাহরা।
তবে প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতলেও দ্বিতীয় ম্যাচে চাপে পড়েছিল স্বাগতিকরা। প্রথম টি-টোয়েন্টিতে ৬০ রানে অলআউট হওয়া কিউইরা পরের খেলায় ম্যাচ নিয়ে গিয়েছিল শেষ ওভারে। তাই তৃতীয় টি-টোয়েন্টিতে চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা বাংলাদেশের। মাহমুদউল্লাহরা অবশ্য জয় ছাড়া অন্য কিছু ভাবছে না। দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে বিশ্বকাপের আগে সবাইকে দেখে নিতে চায়।
দ্বিতীয় ম্যাচে উইকেট কিছুটা ভালো হলেও তৃতীয় ম্যাচে আবারও স্পিন-সহায়ক স্লো উইকেটে ম্যাচ গড়াতে যাচ্ছে। যে উইকেটে ৬০ রানে অলআউট হয়েছিল কিউইরা। মিরপুরের উইকেট এমনিতেই কঠিন পরীক্ষার জায়গা, সেখানে ব্যবহৃত উইকেটে খেলা হতে যাচ্ছে!
গত সাত ম্যাচের মধ্যে সবচেয়ে ভালো উইকেট পেয়েও আগের টি-টোয়েন্টিতে স্কোরবোর্ডে ১৫০ রান জমা করতে পারেনি মাহমুদউল্লাহরা। শুধু তা-ই নয়, উইকেটে বাড়তি সুবিধা না থাকায় বোলারদের তেমন টার্নও দেখা যায়নি। সব মিলিয়ে তৃতীয় ম্যাচে ব্যাটসম্যান-বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।