বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ। মাইলফলকের ম্যাচটি বল হাতে রাঙালেন বাংলাদেশ অধিনায়ক। এই স্পিনারের বলে ফিরে গেছেন রাচিন রবীন্দ্র। এরপর শেখ মেহেদী হাসান তুলে নিয়েছেন অধিনায়ক টম ল্যাথামের উইকেট।
ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখেছিলেন রবীন্দ্র। তার সেই প্রতিরোধ ভেঙেছেন মাহমুদউল্লাহ। শততম টি-টোয়েন্টি খেলতে নেমে বল হাতে নেওয়া এই স্পিনার সরাসরি বোল্ড করে ফিরিয়েছেন কিউই ওপেনারকে। ফেরার আগে ২০ বলে ২ বাউন্ডারিতে ২০ রান করে যান তিনি।
মাহমুদউল্লাহর উইকেট উদযাপনের রেশ কাটতে না কাটতেই আবারও আনন্দের উপলক্ষ এনে দেন শেখ মেহেদী হাসান। এই স্পিনার নেন ল্যাথামের গুরুত্বপূর্ণ উইকেট। নিজের বলে নিজেই ক্যাচ নিয়েছেন মেহেদী। সফট ডিসমিসাল হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে কিউই অধিনায়ক ৯ বলে করেন মাত্র ৫ রান।
তার বিদায়ে কিউইরা হারায় পঞ্চম উইকেট। মিরপুরের তৃতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের স্কোর ছিল ১৭ ওভারে ৫ উইকেটে ৯৫ রান।
সাইফউদ্দিনের জোড়া আঘাত
উইকেটের চরিত্র ও নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে কিছুটা দুশ্চিন্তা মেঘ জন্মেছিল বাংলাদেশ ক্যাম্পে। মোহাম্মদ সাঈফউদ্দিনের বোলিংয়ে কেটে গেলো সেই মেঘ। এই পেসারের জোড়া আঘাতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ।
পাওয়ার প্লেতে বেশ ভালোই দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। বিপরীতে বাংলাদেশ দলে অস্বস্তি বাড়ছিল উইকেট না আসায়। অতঃপর সাইফউদ্দিনের জাদুতে ২ বলের ব্যবধানে এলো ২ উইকেট। এই পেসারের দুটো শিকারই এলবিডব্লিউ থেকে। বলে চমৎকার ভ্যারিয়েশন এনে সফল তিনি।
শুরুটা করেন উইল ইয়াংকে ফিরিয়ে। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে তিনে নামা এই ব্যাটসম্যান ২০ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করে ফেরেন প্যাভিলিয়নে। তার বিদায়ের পরপরই ফিরে যান কলিন ডি গ্র্যান্ডহোম। মুখোমুখি দ্বিতীয় বলে তিনিও সাইফউদ্দিনের এলবিডব্লিউয়ের শিকার। রানের খাতা খুলতে পারেননি।
বল হাতে নিয়েই মোস্তাফিজের ম্যাজিক
নিউজিল্যান্ড দলে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সম্ভবত ফিন অ্যালেনকে নিয়ে। ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে আলো ছড়ানো এবং বাংলাদেশে এসে করোনা পজিটিভ হওয়া এই ওপেনার তৃতীয় টি-টোয়েন্টিতে দলে আসায় তার দিকে ছিল বাড়তি মনোযোগ। কিন্তু মোস্তাফিজুর রহমানের কাটারে কাটা পড়লেন তিনি!
বল হাতে নিয়েই সাফল্য পেয়েছেন মোস্তাফিজ। প্রথম বলেই বাঁহাতি পেসার ফিরিয়েছেন অ্যালেনকে। মোস্তাফিজের কাটার বুঝতে না পেরে ব্যাট চালিয়ে কিউই ওপেনার মিডঅনে ধরা পড়েন মাহমুদউল্লাহর হাতে। প্যাভিলিয়নে ফেরার আগে অ্যালেন ১০ বলে ৩ বাউন্ডারিতে করে যান ১৫ রান।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জিতলেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের- এই সমীকরণ সামনে রেখে তৃতীয় টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। আজ (রবিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। কিউইরা ব্যাটিং নেওয়ায় শুরুতে বোলিংয়ে স্বাগতিকরা।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি সহজে জিতলেও দ্বিতীয় ম্যাচে লড়াই করেছে কিউইরা। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা লাল-সবুজ জার্সিধারীরা আজ জিতলেই নিশ্চত করবে সিরিজ।
বাংলাদেশ একাদশে কোনও পরিবর্তন নেই। উইনিং কম্বিনেশন না ভেঙে আগের টি-টোয়েন্টির একাদশই রেখেছে স্বাগতিকরা। তবে নিউজিল্যান্ড একাদশে এসেছে তিনটি পরিবর্তন। ফিন অ্যালেন, স্কট কুজেলেইন ও জ্যাকব ডাফি দলে এসেছেন ব্রেসওয়েল, সিয়ার্স ও বেনেটের পরিবর্তে।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকনকি, স্কট কুজেলেইন, জ্যাকব ডাফি, এজাজ প্যাটেল।