বলের আঘাতে হাসপাতালের বিছানায় এনামুল

কয়েক সপ্তাহ আগে অনুশীলন করতে গিয়ে বাঁ হাতে আঘাত পান এনামুল হক। আঘাতের পর বেশ কিছুদিন পযর্বেক্ষণে ছিলেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডানহাতি এই ব্যাটসম্যান। এখন হাসপাতালের বিছানায় সময় কাটছে তার। সেখান থেকেই নিজের সর্বশেষ অবস্থা জানিয়েছেন এনামুল।

নিজেকে প্রস্তুত রাখতে মাস্কো-সাকিব ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এনামুল। ওই অনুশীলনে ব্যাটিংয়ের সময় একটি বল তার বাঁ হাতে আঘাত করে। কিছুদিন পর্যবেক্ষণের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে অস্ত্রপচারের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সফল অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন এনামুল।

আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এনামুল লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে অনুশীলনে একটি বল আমার বাঁ হাতে আঘাত করে। কিছুদিন পর্যবেক্ষণে থাকার পর চিকিৎসক অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। বিসিবিকে ধন্যবাদ দ্রুত আমার চিকিৎসা ব্যবস্থা করার জন্য। বিশেষ করে, ডক্টর দেবাশীষ চৌধুরীকে অনেক ধন্যবাদ।’

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে এনামুল। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আগপর্যন্ত সময়টা দারুণ কাটছিল এনামুলের। ওই বিশ্বকাপে ইনজুরিতে পড়েই মূলত জায়গা নড়বড়ে করে ফেলেন বিকেএসপির সাবেক এই ছাত্র। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর দলে সুযোগ পাননি এনামুল।