দুই ওপেনারকে ফেরালেন শরিফুল

বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড। ব্যাটিং সহায়ক হওয়ায় পুরো ফায়দা তুলে নিতে পেরেছে কিউইরা। ৬ ওভারে ৫৮ রান তুললেও সাজঘরে ফিরেছেন ‍দুই ওপেনার।

শেষ ম্যাচটি খেলা হচ্ছে সম্পূর্ণ নতুন উইকেটে। তার প্রমাণও মিলেছে শুরুর দিকে। যেখানে মন্থর উইকেটে শুরুতে স্পিন আক্রমণ দেখা যেতো, আজ শুরুতে বোলিংয়ে আসেন পেসার তাসকিন আহমেদ। গতির সঙ্গে সুইংও দেখা গেছে তার বোলিংয়ে। তবে ব্যাটিং সহায়ক হওয়ায় এর ফায়দাও তুলে নিতে দেখা গেছে কিউইদের। আগ্রাসী ব্যাটিংয়ে দারুণ সূচনা করেছেন দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ফিন অ্যালেন।  

পাওয়ার প্লের আগেই ৫৮ রান তুলে ফেলে এই জুটি। সবচেয়ে বেশি ব্যয়বহুল ছিলেন পেসার শরিফুল। চতুর্থ ওভারে দিয়েছেন ১৯ রান। ষষ্ঠ ওভারে এই শরিফুলই সাজঘরে পাঠিয়েছেন দুই ওপেনারকে। তার বলে ৫.৪ ওভারে লিডিং এজ হয়ে তালুবন্দি হন রবীন্দ্র। ১২ বলে তিনি করেন ১৭ রান। এক বল পর ফ্লিক করতে গিয়ে বোল্ড হন অ্যালেন। কিউই ওপেনার ২৪ বলে ফেরেন ৪১ রানে। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়।  তবে ১.১ ওভারে নাসুমের ঘূর্ণিতে পুল শটে ক্যাচ তুলে দিয়েছিলেন রাচিন রবীন্দ্র। ডিপ মিডউইকেটে থাকা শামীম ফেলে দিয়েছেন তার ক্যাচ।   

ম্যাচের শুরুর আগে অবশ্য প্রয়াত আম্পায়ার নাদির শাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করেছে দুই দল। ম্যাচের সময় ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা মাঠে নামেন কালো ফিতা পরে।   

ফুসফুসের ক্যান্সারে শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ৫৭ বছর বয়সে মারা গেছেন সাবেক এই আম্পায়ার। তিনি বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার ছিলেন।

সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পরীক্ষা নিরীক্ষা করতে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব, মোস্তাফিজ, সাইফউদ্দিন ও মেহেদীকে। তাদের বদলে ফিরেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও শামীম হোসেন। সফরকারীরা পরিবর্তন এনেছে ৩টি। ফিরেছেন কুগলেইন, সিয়ার্স ও ডাফি।