জিম্বাবুয়ে দলে আর দেখা যাবে না টেলরকে

জিম্বাবুয়ের হয়ে ১৭টি বছর ক্রিকেট খেলেছেন ব্রেন্ডন টেলর। খেলেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, জিম্বাবুয়ের স্বীকৃত ব্যাটসম্যানদের অন্যতম হয়ে দাঁড়িয়েছিলেন। সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে যাবেন তিনি।

৩৪ বছর বয়সী টেলরের অভিষেক ২০০৪ সালে। তার পর থেকে দলে আস্থার প্রতীক হয়েই ছিলেন। সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন ওয়ানডে ক্রিকেটে। ২০৪ ম্যাচে করেছেন ৬ হাজার ৬৭৭ রান। ওয়ানডেতে জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তবে সেঞ্চুরি হিসেব করলে ১১টি শতক নিয়ে সবার ওপরে তার স্থান।

রবিবার ইন্সটাগ্রামে নিজের অবসর ঘোষণা করে টেলর বলেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, দেশের হয়ে সোমবার আমার শেষ ম্যাচ। ২০০৪ সালে আসার পর আমার লক্ষ্য ছিল দলটাকে ভালো অবস্থানে রেখে যাওয়া। আশা করি, আমি সেটা করতে পেরেছি।’       

টেলর জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত। এই বছরেও একই দায়িত্ব পালন করেছিলেন। ২০১৫ বিশ্বকাপে দলটির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এর পর জাতীয় দল ছেড়ে কোলপ্যাক চুক্তিতে তিন মৌসুমের জন্য কাউন্টিতে চলে গিয়েছিলেন। জাতীয় দলের হয়ে টেস্টে তার সংগ্রহ ২ হাজার ৩২০ রান ও ৪৫ টি-টোয়েন্টিতে ৯৩৪।